৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের আন্দোলনে ট্রেনে ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সরিষাবাড়ী স্টেশনের মাস্টার বাদী হয়ে রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
গত রোববার রাতে জেলা ছাত্রলীগ আলামিন হোসেনকে সভাপতি ও মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি অনুমোদন দেয়। এ কমিটি বাতিলের দাবিতে গত সোমবার পৌর শহরে ছাত্রলীগ ও যুবলীগ অবরোধ, ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার দেলোয়ার হোসেন গতকাল বুধবার বলেন, ‘ওই সময় ট্রেনে ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগে যুব ও ছাত্রলীগের অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেছি।’
এজাহার, সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্টেশন সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনগামী ধলেশ্বরী ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এ সময় আন্দোলনরত যুব ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সামনে দাঁড়িয়ে ট্রেনটির গতিরোধ করেন। তাঁরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়েন। এতে ট্রেনটির চালক কৃষ্ণ কুমার রায় (৪৮) আহত হন। এ সময় আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে চলে যান। পরে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়ার আলী বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।