৬০ পরিবারকে চাল দিল এসইএল ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণ পাওয়ার পর চালের ব্যাগ হাতে বসে আছেন বন্যায় ক্ষতিগ্রস্ত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর নাদাগাড়ি গ্রামের নারীরা l ছবি: সংগৃহীত
ত্রাণ পাওয়ার পর চালের ব্যাগ হাতে বসে আছেন বন্যায় ক্ষতিগ্রস্ত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর নাদাগাড়ি গ্রামের নারীরা l ছবি: সংগৃহীত

আমেনা বেগম। বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর নাদাগাড়ী গ্রামে। স্বামী ইজ্জত আলী মারা গেছেন ১০ বছর আগে। ছোট্ট একটি ঘুপচিই ছিল তাঁর একমাত্র সম্বল। সাম্প্রতিক বন্যা সেই ছোট্ট ঘরটিও ভাসিয়ে নিয়ে গেছে।

একেবারে নিঃস্ব আমেনা বেগম গত বুধবার বৃষ্টি উপেক্ষা করে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন গাবেরগ্রাম বাজারে। ২০ কেজি চাল পেয়ে তিনি জানালেন, অন্তত এক মাসের জন্য তাঁর চিন্তা দূর হলো। সমস্যা একটা, নিজের থাকার ঘরটিও নেই।

আমেনা বেগমের মতো আরও ৬০টি পরিবার ওই দিন ২০ কেজি করে চাল পেয়েছে। তাদের এই ত্রাণসামগ্রী দিয়েছে এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন।

বন্যায় মাদারগঞ্জের চর নাদাগাড়ী গ্রামের চাঁদপুর-নাংলা যমুনার বাঁধ ভেঙে শতাধিক পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের মধ্যে অন্তত অর্ধশত পরিবার ফসল ছাড়াও ঘরবাড়ি হারিয়েছে, যাদের অন্তত ২৫টি অন্যের সাহায্য ছাড়া নতুন করে ঘর বানাতে পারবে না।

এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন তাদের ঘর বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ কাজ শুরু হবে বলে জানালেন ফাউন্ডেশনের সমন্বয়কারী ইবনুল সাঈদ। তিনি আরও জানান, এই ৬০টি পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়ার কার্যক্রম আরও ৫-৬ মাস চালাবেন তাঁরা; যাতে পরিবারগুলো খেয়ে-পরে বাঁচতে পারে।

প্রতিষ্ঠানটি গত ঈদুল আজহার দিন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গ্রামে কোরবানির মাংসও বিতরণ করেছিল।

জামালপুরের যমুনার পারের এই গ্রাম ছাড়াও উত্তরবঙ্গের নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার পরিবারের মাঝে এসইএল ত্রাণসামগ্রী বিতরণ করেছে। প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

১৫ সেপ্টেম্বর শাহপরীরর দ্বীপ থেকে শুরু টেকনাফ পর্যন্ত প্রায় ৯ হাজার রোহিঙ্গার মাঝে রুটি-বিস্কুট বিতরণ করে এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন।