৬০ পরিবারের ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুনেরটেক গ্রামের অনেক বাড়িঘরে পানি উঠেছে। মানবেতর জীবনযাপন করছে মানুষ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
নুনেরটেক গ্রামের অনেক বাড়িঘরে পানি উঠেছে। মানবেতর জীবনযাপন করছে মানুষ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

মেঘনা নদীতে ভাঙনের কারণে গত ১৫ দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের ৬০টি পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে। পাশাপাশি গ্রামটির ৭০টি পরিবারের বাড়ি পানিতে তলিয়ে গেছে। পরিবারগুলোর সদস্যদের এখন মানবেতর দিন কাটছে।

গ্রামবাসী জানান, চারদিকে মেঘনা নদীবেষ্টিত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন নুনেরটেক গ্রামে ১৫ হাজার মানুষ বসবাস করে। পাঁচ বছর ধরে গ্রামটির পাশ থেকে রাতের আঁধারে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে বিভিন্ন এলাকা ভাঙনের কবলে পড়ে। বর্তমানে নদীতে প্রবল স্রোতের কারণে ভাঙন বেড়েছে। ভাঙনে গত ১৫ দিনে গ্রামের ৬০টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া গত বছর ভাঙনের শিকার ৭০টি পরিবার নিচু জমিতে ছোট ছোট ঘর তুলে বসবাস করে আসছিল। কিন্তু গত কয়েক দিনে নদীতে পানি বৃদ্ধির কারণে সেগুলো তলিয়ে গেছে। ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। অনেকেই এখন ঠাঁই নিয়েছে নৌকায়।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবারগুলোর অনেকে নদীর তীরে বসে কান্নাকাটি করছেন। অনেক পরিবার ছোট ছোট নৌকায় ঠাঁই নিয়েছে। তাদের রান্নাবান্নাসহ গৃহস্থালির অন্যান্য কাজ নৌকাতেই সারতে হচ্ছে।

গ্রামের বাসিন্দা কামিনা বেগম (৫৫) বলেন, মেঘনা তাঁদের বাড়িঘর সব নিয়ে গেছে। এখন নৌকায় বসবাস করতে হচ্ছে। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবারের সবাইকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।

স্থানীয় বারদি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও নুনেরটেক গ্রামের বাসিন্দা লোকমান মিয়া বলেন, ‘পরিবারগুলো খুবই কষ্টে রয়েছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে কেউ তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি।’ তিনি আরও বলেন, নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নুনেরটেক গ্রামে কয়েক বছর ধরে ভাঙন চলছে। এভাবে ভাঙতে থাকলে গ্রামটি অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে।

বারদি ইউপির চেয়ারম্যান জহিরুল হক বলেন, এই গ্রামের পাশে বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে কোনোমতেই মেঘনার ভাঙন রোধ করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা প্রথম আলোকে বলেন, ‘নুনেরটেক গ্রামের ৭০টি পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে বলে আমি খবর পেয়েছি। তাদের জন্য কয়েক দিনের মধ্যেই সরকারি ত্রাণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।’

মেঘনার ভাঙন রোধের বিষয়ে ইউএনও আরও বলেন, যারা অপরিকল্পিতভাবে বালু তুলছে, তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নদীর তীরে বাঁধ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।