চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) গ্যাসের সরবরাহ শুরুর পর গত তিন দিনে নগরের অন্তত ৬০টি পোশাক কারখানা ও ওয়াশিং প্লান্ট বন্ধ হয়ে গেছে। এ ছাড়া গতকাল সকাল থেকে চট্টগ্রামের দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল।তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ শ সচল পোশাক কারখানার বেশির ভাগেই সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকছে। অন্য সময়ে গ্যাসের চাপ থাকছে স্বাভাবিকের মাত্র এক-তৃতীয়াংশ। ফলে কোনোভাবেই কারখানায় উৎপাদন চালু রাখা যাচ্ছে না।পোশাক কারখানার মালিকেরা বলেছেন, এমন এক সময়ে তৈরি পোশাকশিল্প খাতে এই সংকট সৃষ্টি হলো, যখন কারখানার মালিকদের ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রস্তুতি নিতে হচ্ছে। এ অবস্থায় গ্যাসের অভাবে কারখানা বন্ধ রাখার কারণে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে।এ প্রসঙ্গে পোশাকশিল্প মালিকদের সমিতি বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অনেক কারখানার রপ্তানি আদেশ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানিয়ে আমরা মঙ্গলবার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছি। কিন্তু বিকেল পর্যন্ত কোনো সদুত্তর পাইনি।’মুঠোফোনে যোগাযোগ করা হলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মো. মোবিরুল হোসেন প্রথম আলোকে বলেন, আগামী ১৫ নভেম্বর নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁরা আশা করছেন। কেজিডিসিএল সূত্র জানায়, বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমিয়ে সিইউএফএলে গ্যাস সরবরাহ করা হলেও ইউরিয়া উৎপাদনের জন্য আরও অনেক বেশি গ্যাস দরকার। কেজিডিসিএলের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সিইউএফএলে মাত্র ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। অথচ ইউরিয়া উৎপাদনের জন্য এখানে দরকার ৪৮ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস।দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ: গ্যাসের সরবরাহ কম থাকায় গতকাল মঙ্গলবার থেকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের রিজেন্ট পাওয়ার ও চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেডের) মালঞ্চ হোল্ডিংস নামের বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এই দুই কেন্দ্রে প্রতিদিন গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।সূত্রমতে, গ্যাসের সংকট নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে গতকাল দুপুরে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন শিল্পকারখানার কর্মকর্তারা কেজিডিসিএল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গ্যাস না পেয়ে শিল্পকারখানার কর্মকর্তা ও মালিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। প্রায় এক ঘণ্টা বৈঠক করেও কোনো সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কেজিডিসিএলের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র দুটিতে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোতে পরবর্তী সময়ে কীভাবে গ্যাস দেওয়া যেতে পারে, তা নিয়ে আজকালের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।