৬০ পোস্টারসহ হিযবুত তাহ্রীরের সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের আলমাস সিনেমা এলাকায় পোস্টার লাগানোর সময় উগ্রপন্থী নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার ভোরে ৬০টি পোস্টারসহ হিযবুত তাহ্রীরের সদস্য আরিফ মাহমুদকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যান। আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। তিনি ফটিকছড়ির দৌলতপুর এলাকার জাহেদ বিন মাহমুদের ছেলে। বর্তমানে ১৩ কাতালগঞ্জ এলাকায় থাকেন।অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমাস এলাকায় কিছু ছেলে হিযবুত তাহ্রীরের পোস্টার লাগাচ্ছে বলে খবর পান। এরপর পুলিশ সেখানে উপস্থিত হলে তিনজন দৌড়ে পালিয়ে যান। এ সময় ধাওয়া করে আরিফকে গ্রেপ্তার করা হয়।জব্দ করা পোস্টারগুলোতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে প্রত্যাখ্যান করে ইসলামি খেলাফত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই দুই নেত্রীকে মার্কিন-ভারতের দালাল হিসেবে উল্লেখ করা হয়।