৬০ প্রার্থীর ৩৯ জনের যোগ্যতা সর্বোচ্চ অষ্টম শ্রেণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার সংরক্ষিত আসনের অধিকাংশ প্রার্থীই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। এঁদের অধিকাংশই গৃহিণী।
প্রার্থীদের হলফনামা থেকে জানা যায়, পৌরসভাগুলোতে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০ জন। এর মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি ৩৯ জন। তাঁদের মধ্যে অক্ষরজ্ঞানসম্পন্ন হচ্ছেন ১৪, পঞ্চম শ্রেণি পাস করেছেন পাঁচ ও অষ্টম শ্রেণি পাস করেছেন ২০ জন। অন্যদিকে এসএসসি পাস আটজন, এইচএসসি পাস সাত, স্নাতক পাস করেছেন পাঁচজন ও একজন স্নাতকোত্তর প্রার্থীও আছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের ২৫ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। এঁদের মধ্যে দুজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, পঞ্চম শ্রেণি একজন ও অষ্টম শ্রেণি পাস ১১ জন। এসএসসি পাস করেছেন দুজন। এ ছাড়া চারজন এইচএসসি, চারজন স্নাতক ও একজন স্নাতকোত্তর পাস করেছেন।
নাচোল পৌরসভায় ১৩ প্রার্থীর মধ্যে ১০ জনই মাধ্যমিকের গণ্ডির নিচে। এর মধ্যে একজন অক্ষরজ্ঞানসম্পন্ন, তিনজন পঞ্চম শ্রেণি ও ছয়জন অষ্টম শ্রেণি পাস করেছেন। দুজন এসএসসি ও একজন এইচএসসি পাস।
রহনপুর পৌরসভার নয় প্রার্থীর মধ্যে পাঁচজন মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। তাঁদের মধ্যে তিনজন অক্ষরজ্ঞানসম্পন্ন ও দুজন অষ্টম শ্রেণি পাস। দুজন এসএসসি ও দুজন এইচএসসি পাস করেছেন।
এ ছাড়া শিবগঞ্জ পৌরসভায় ১৪ প্রার্থীর মধ্যে একজন স্নাতক পাস করলেও মাধ্যমিকের গণ্ডির নিচে আছেন ১০ জন। এর মধ্যে আটজন অক্ষরজ্ঞানসম্পন্ন, একজন পঞ্চম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণি পাস করেছেন। এঁদের মধ্যে আরও তিনজন এসএসসি পাস করেছেন।