৬০ পয়সার গোলাপ এখন ১০ টাকা
ফুলের রাজ্য যশোরের গদখালীতে চীনের ‘রোজক্যাপ’-প্রযুক্তি প্রয়োগের কারণে ফুলের গুণগত মান বেড়েছে, যার সুফল পাচ্ছেন এ অঞ্চলের গোলাপচাষিরা। ৬০ পয়সার গোলাপ ফুল এখন ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি করতে পারছেন তাঁরা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক হেমায়েত হোসেন জানান, কুঁড়িতে রোজক্যাপ পরানোর পর পাপড়ি বেশি ছড়াতে পারে না। এতে ফুলের প্রস্ফুটন ভালো হয় এবং সৌন্দর্য বেড়ে যায়। এ জন্য ওই ফুল ক্রেতাকে আকৃষ্ট করে বেশি। রোজক্যাপ-প্রযুক্তি প্রয়োগের কারণে ফুলে পোকা-মাকড়ের আক্রমণও কম হয়। এ ছাড়া রোজক্যাপ অতিরিক্ত বৃষ্টিপাত, তাপমাত্রাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ফুলকে রক্ষা করে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঝিকরগাছার পটুয়াপাড়া গ্রামের কয়েকটি গোলাপের বাগানে ফুলের কুঁড়িতে দুই ইঞ্চির মতো লম্বা রাবার-জাতীয় সাদা রঙের প্লাস্টিকের জাল পরিয়ে রাখা হয়েছে। এ সময় চাষি আবদুর রাজ্জাক জানান, এই জালের নাম ‘রোজক্যাপ’। গত জুনেও পাইকারি ৬০ পয়সা দরে প্রতিটি গোলাপ বিক্রি করতে হয়েছে। সে সময় ক্যাপ পরানো প্রতিটি গোলাপ বিক্রি হয়েছে ৯ থেকে ১০ টাকা দরে। গাছের ভালো মানের কুঁড়ি দেখে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এর তিন থেকে চার দিন পর ফুল কেটে বিক্রি করা হয়। একটি কুঁড়িতে ক্যাপ পরিয়ে ফুল কেটে বাজারজাত করা পর্যন্ত দেড় থেকে দুই টাকা অতিরিক্ত খরচ হয়।গদখালীর ফুল চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান, চীনের রোজক্যাপের গুণগত মান ভালো। কিন্তু এগুলো এ দেশে আমদানি করার কোনো ব্যবস্থা নেই। ভারতের নিম্নমানের রোজক্যাপ চোরাইপথে দেশে আনা হচ্ছে। চড়া দাম দিয়ে সেগুলো কিনে চাষিরা ব্যবহার করছেন।