৬০ বছর ধরে পত্রিকা বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌর চন্দ্র পাল এখন সাইকেল চালাতে পারেন না। তাই সাইকেলের সামনে লেখা ‘বার্তা কেন্দ্র, সংবাদপত্র পরিবেশক, দৈনিক সংবাদপত্র সরবরাহকারী’ সাইনবোর্ডটি বাড়ির সামনে দরজার পাশে ঝুলিয়ে রেখেছেন l ছবি: প্রথম আলো
গৌর চন্দ্র পাল এখন সাইকেল চালাতে পারেন না। তাই সাইকেলের সামনে লেখা ‘বার্তা কেন্দ্র, সংবাদপত্র পরিবেশক, দৈনিক সংবাদপত্র সরবরাহকারী’ সাইনবোর্ডটি বাড়ির সামনে দরজার পাশে ঝুলিয়ে রেখেছেন l ছবি: প্রথম আলো

রোদ-বৃষ্টি-ঝড় কিংবা কনকনে শীত—সবকিছু উপেক্ষা করে প্রতিদিন সকালে দরজায় যিনি আসেন, তিনি পত্রিকার হকার। তেমনই একজন গৌর চন্দ্র পাল। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় বাড়ি তাঁর। ১৯৩৮ সালে জন্ম। বয়স ৭৮ বছর।
দীর্ঘ ৬০ বছর ধরে কুষ্টিয়া শহরে পত্রিকা বিলি করছেন গৌর চন্দ্র পাল। এই দীর্ঘ সময়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন নামের বড় বড় পত্রিকা দেখেছেন। পত্রিকা পড়া নেশা এবং বিলি করা পেশা হলেও বয়সের ভারে গত বছর অসুস্থ হয়ে পড়লে পত্রিকা বিলি বন্ধ করে দেন। তবু মাঝেমধ্যে দু-একটা পত্রিকা বাড়ির আশপাশের বাসিন্দাদের বিলি করেন।
গৌর চন্দ্র পাল প্রথম জীবনে হেঁটে হেঁটে পত্রিকা বিলি করেছেন। পরে সাইকেল ব্যবহার করেন। সাইকেলের সামনে লেখা ছিল ‘বার্তা কেন্দ্র, সংবাদপত্র পরিবেশক, দৈনিক সংবাদপত্র সরবরাহকারী’। এখন এই সাইনবোর্ডটি বাড়ির সামনে দরজার পাশে লাগিয়ে রেখেছেন, যাতে মানুষ বাড়িটি চিনতে পারে।
কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়ার ৩০ নম্বর হেমচন্দ্র লাহিড়ী লেনের রেললাইনের পাশে গৌর চন্দ্র পালের টিনশেডের বাড়ি। ১৯৬৩ সালে কুষ্টিয়া শহরের ইউনাইটেড (বর্তমানে কুষ্টিয়া হাইস্কুল) স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁর বাপ-দাদা মিষ্টির ব্যবসা করতেন। সেদিকে মন যায়নি তাঁর। একদিন পত্রিকা দেখে তিনি সেটি বিলি করার জন্য আগ্রহী হন। পাড়ার মদন মোহন পাল নামে এক ব্যক্তির মাধ্যমে ভারতের তৎকালীন পত্রিকা লোকসেবক-এ যোগাযোগ করেন।
সে সময় গৌর চন্দ্র ভারতের লোকসেবক ও স্টেটসম্যান পত্রিকায় আবেদন করেন পত্রিকা বিলির জন্য। সেটি ছিল ১৯৫১ সালের কথা। আবেদন করার ২০ দিন পর তাঁর কাছে ট্রেনযোগে পাঁচ কপি লোকসেবক পত্রিকা আসে। কদিন পর এলাকার আইনজীবী অপূর্ব কুমার নন্দীর (প্রয়াত) সহায়তায় স্টেটসম্যান পত্রিকাও বিলি করার অনুমোদন পান। প্রতিদিন তাঁর কাছে পাঁচ কপি লোকসেবক ও পাঁচ কপি স্টেটসম্যান পত্রিকা আসতে থাকে।
শহরের আদালতপাড়ার আইনজীবী ও প্রভাবশালী দু-একজন পত্রিকা পড়তেন। দাম ছিল এক বা দুই আনা। ইংরেজি কাগজ আইনজীবীরা বেশি পড়তেন। প্রতিদিন বিকেলে পত্রিকা ট্রেনে করে আসত। সন্ধ্যায় বা তার পরদিন বিলি করা হতো বলে জানালেন গৌর চন্দ্র।
এরপর ১৯৬০ সালের দিকে দৈনিক আজাদ পত্রিকা আসতে থাকে। পাকিস্তানের ডন এবং উর্দু ভাষার জং, মাশরিক, হুরিয়াত পত্রিকা আসে। মাসিক সিনেমা, নূরহাজান পত্রিকাও বিলি করেন গৌর চন্দ্র। রাজনৈতিক পত্রিকা মিররও আসতে থাকে। উর্দু পত্রিকাগুলো এলাকার উর্দুভাষীরা বেশি পড়ত। এ ছাড়া মর্নিং নিউজ ও দৈনিক করাচি পত্রিকা গ্রাহকের কাছে পৌঁছে দিতেন।
স্বাধীনতাযুদ্ধের সময় গৌর চন্দ্র পরিবার নিয়ে ভারতে চলে গিয়েছিলেন। পরবর্তী সময়ে দেশে ফিরে আবারও পত্রিকার সঙ্গে যুক্ত হন। সে সময় ইত্তেফাক, আজাদ পত্রিকা বিলি করেন। পত্রিকা বিলি শেষে শহরের একমাত্র সিনেমা হলে অপারেটরের কাজ করতেন। সেটা ১৯৭৩-৭৪ সালের কথা।
পত্রিকা বিক্রি করে মাস শেষে যা আয় হয়, তা পরিবারের জন্য ব্যয় করেছেন। তবে তিনি বিয়ে করেননি। পত্রিকা পড়ার নেশা থেকে গৌর চন্দ্র বিভিন্ন জাতীয় দৈনিকের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতেন। প্রথম আলোর বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে গাড়ি, টিভি, মুঠোফোন, ক্যাসেটপ্লেয়ার ও অন্যান্য পুরস্কার পেয়েছেন।
সংবাদপত্র হকার্স ইউনিট কুষ্টিয়ার সভাপতি জামাল উদ্দীন বলেন, গৌর চন্দ্র পাল দীর্ঘদিন পত্রিকা বিলি করেছেন। তাঁর মতো প্রবীণ হকার কুষ্টিয়ায় নেই। গত বছর অসুস্থতার কারণে তিনি বিলি করা বন্ধ করলেও মাঝে মাঝে আমার কাছ থেকে কয়েকটি প্রথম আলো নিয়ে বাড়ির আশপাশের এলাকায় হেঁটে হেঁটে বিলি করেন।