সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘সর্বস্তরে বাংলা প্রচলনে সুসংহত কোনো আইন নেই, বর্গী আইনে চলছে। ৬০ বছর ধরে অঙ্গীকার করেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে পারিনি।’মহান ভাষা আন্দোলনের ছয় দশক পূর্তি উপলক্ষে রাজধানীর অদূরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ ভাষাসৈনিক আবদুল মতিন ও হালিমা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ব্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।এ সময় ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, যে দেশের মানুষ না খেয়ে থাকে, কৃষকদের হাতে জমি নেই, গণতন্ত্র নেই, উচিত কথা বললে হয় জেলে যেতে হয়, না হয় আত্মগোপন করতে হয়; সে দেশে বসবাস করতে কষ্ট হয়। তিনি বলেন, দেশকে ভালোভাবে গড়ে তোলা না পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মিথ্যা কথা না বলে দেশ গড়ার কাজে ব্রত হও।’ভাষাসৈনিক হালিমা খাতুন বলেন, বর্তমানে দেশে শিশুদের জন্য যে শিক্ষাব্যবস্থা চালু আছে, সেখানে অনেক ত্রুটি রয়েছে। এর উন্নতি হওয়া দরকার। শিশুদের ওপর অহেতুক বেশি পরীক্ষা চাপিয়ে দিয়ে তাদের মাথা নষ্ট করা হচ্ছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মৌল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আতাউর রহমান খান। ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রচেষ্টা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণবিশ্ববিদ্যালয়ের ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী। গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফর উল্লাহ চৌধুরী, অধ্যাপক আলতাফুন্নেসা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, রেজিস্ট্রার, উপরেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।