৬০ বছরের দ্বন্দ্বের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের নাম আমাদা। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের এ গ্রামে প্রায় ৬০ বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অবশেষে দ্বন্দ্বের অবসান হয়েছে।

গত মঙ্গলবার গ্রামবাসী ও প্রশাসন ‘শান্তি সমাবেশ’ করেছে। আমাদা আদর্শ মহাবিদ্যালয় চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী বসিরুল হক। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এস কে আবু বাকের। বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রমুখ। সমাবেশে উভয় পক্ষের মাতবরেরা তাঁদের বক্তব্যে হাত জোড় করে ক্ষমা চেয়ে অঙ্গীকার করেন, ‘আর আমারা দ্বন্দ্ব-সংঘাতে জড়াব না।’

কাজী বসিরুল হক জানান, গ্রামে প্রায় ৬০ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে খাঁ ও মল্লিক বংশের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। সর্বশেষ গত ২০ এপ্রিল সংর্ঘষ হয়। এতে খাঁ বংশের নেতৃত্বে ছিলেন কাশেম খাঁ এবং মল্লিক বংশের নেতৃত্বে ছিলেন আলী আহমেদ ও ওমর মল্লিক। এরপর লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী গ্রামের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রানী আকতার, সোনিয়া সুলতানা ও সুমন মণ্ডল জানায়, ওসির আহ্বানে সাড়া দিয়ে তারা প্রত্যেকের অভিভাবককে বলে, গ্রামে গোলমাল হলে লেখাপড়া ছেড়ে দেবে। এভাবে অভিভাবকেরা সচেতন হয়ে দ্বন্দ্ব নিরসনের জন্য শান্তি সমাবেশ করেছেন।

গ্রামের গৃহবধূ আসমা খানম (৪০) তাঁর বক্তব্যে বলেন, ‘২২ বছর আগে আমার যখন বিয়ে হয়, তখন আমার স্বামী হত্যা মামলার আসামি। সেই থেকে এ পর্যন্ত দেখে আসছি হামলা, মামলা, মিথ্যা মামলা ও সংঘর্ষ। ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। গ্রামে কেউ ইচ্ছা করলেও নিরপেক্ষ থাকতে পারে না। মাতবরদের কাছে গ্রামের ছয় হাজার মানুষ জিমিঞ্চ।’

একপক্ষের মাতবর কাশেম খাঁ বলেন, ‘আমরা মাতবররা গ্রামের মানুষ ও প্রশাসনের কাছে দুষ্ট লোক হিসেবে পরিচিত হচ্ছি। তাই আমরা দুই পক্ষের মাতবররা বসে আর দ্বন্দ্ব করব না বলে অঙ্গীকার করেছি।’ আরেক পক্ষের মাতবর আলী আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের চাপে আমরা যুগ যুগ ধরে চলা দ্বন্দ্বের আবসান ঘটাচ্ছি।’

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। অভিভাবকেরাও বুঝেছেন কয়েকজন দুষ্ট লোকের জন্য পুরো গ্রামে অশান্তি। তাই এখন সবাই মিলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন।