চট্টগ্রামের শুলকবহর সিডিএ এভিনিউতে একটি কালভার্ট উঁচু করার কাজ শুরু হয় গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। দুজন ঠিকাদার এই কাজ করছেন। তাঁদের ভাষ্যমতে, ইতিমধ্যে কাজের ৬০ শতাংশ শেষ হয়েছে। অথচ কাজটির জন্য পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৬ এপ্রিল।একই বিজ্ঞপ্তিতে নগরের ইপিজেড এলাকায় ধুমপাড়া হাজি আবুল বশর রোডের নর্দমাসহ সড়ক উন্নয়নের কাজের জন্যও দরপত্র আহ্বান করা হয়। অথচ এই কাজটিও ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান ওই এলাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইয়াকুব নবী। কালভার্ট উঁচু করা এসব কাজের আর্থিকমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, এমন দুটি সংবাদপত্রে (দৈনিক জনতা ও ডেইলি নিউ নেশন) বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, যেগুলো চট্টগ্রামের কোথাও পাওয়া যায় না। সরকারি ক্রয়বিধি অনুযায়ী এ ধরনের নির্মাণকাজের জন্য ন্যূনতম ৪৫ দিন আগে কমপক্ষে দুটি বহুল প্রচারিত স্থানীয় এবং দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দরপত্র আহ্বান করতে হয়। একাধিক ঠিকাদার অভিযোগ করেন, সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হলেও এই পত্রিকাগুলো নগরের কোথাও পাওয়া যায়নি। তাঁরা অভিযোগ করেন, জনসংযোগ বিভাগ বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি গোপনীয়তা বজায় রাখে, যাতে কোনো ঠিকাদার এই কাজের জন্য আবেদন করতে না পারেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘যত দূর জানি, শুলকবহরে একটি কাজের জন্য দরপত্র দেওয়া হয়েছে। কাজটি শুরু হয়নি মনে করেই আমি বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করেছি।’সরকারি ক্রয়নীতি অনুযায়ী কোনো নির্মাণকাজের জন্য দরপত্র প্রকাশের পর ২১ দিন সময় দিতে হয়। এরপর যাচাই-বাছাই শেষে তা বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের পর যোগ্য ঠিকাদারকে কার্যাদেশ দিতে হয়। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের প্রধান প্রকৌলশী মো. মোখতার আলমের ঘনিষ্ঠ দুই ঠিকাদার আইয়ুব খান ও মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কালভার্ট উঁচু করার কাজ শুরু করেন। তাঁরা সড়কের দুই পাশ থেকে অর্ধেকাংশ করে ভেঙে অন্তত তিন ফুট উঁচু করেছেন। এ প্রসঙ্গে ঠিকাদার আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম গত ফেব্রুয়ারিতে আমাকে ও বাবুলকে ডেকে কাজটি শুরু করতে বলেন। এ জন্য তিনি আমাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেননি।’নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দুই মাস আগে মেয়র মোহাম্মদ মন্জুর আলম শুলকবহরে সিডিএ এভিনিউ পরিদর্শনে যান। তখন তিনি কালভার্টটি উঁচু করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। এরপর প্রধান প্রকৌশলী তাঁর পছন্দের দুই ঠিকাদারকে কালভার্টটি উঁচু করার কাজ শুরু করতে বলেন।প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম প্রথম আলোকে বলেন, ‘আমি তো অনেক আগেই বিজ্ঞাপন দেওয়ার জন্য জনসংযোগ বিভাগকে বলে দিয়েছি।’ কবে বলে দিয়েছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘সময়টা ঠিক মনে নেই। তবে দুই মাস তো হবেই।’ অন্যদিকে, পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে কাজ শুরুর ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দুই ঠিকাদারের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে তিনি বলেন, ‘এটা কোনো বিষয় নয়। আমার তো সব ঠিকাদারের সঙ্গেই জানাশোনা আছে।’ এ প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘জরুরি ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনের স্বার্থে এভাবেই কাজটি করতে হয়েছে।’