৬০ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের দিন সাত হাজারের বেশি কর্মকর্তা ৩৯২টি কেন্দ্রে ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন। ফলে তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না। এদিকে শতকরা ৬০ ভাগ কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রগুলোর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা থাকবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, ৩৯২টি কেন্দ্রে দুই হাজার ২৮৯টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৯২ জনকে প্রিসাইডিং কর্মকর্তা, দুই হাজার ২৮৯ জনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চার হাজার ৫৭৮ জনকে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া এসব পদের বিপরীতে আরও শতকরা পাঁচ ভাগ কর্মকর্তাকে প্রস্তুত (রিজার্ভ) রাখা হয়েছে। কর্মকর্তাদের ২৭ জুন থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা আজ শনিবার শেষ হবে। আগামী ৫ জুলাই তাঁদের মধ্যে ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হবে।

নির্বাচনে দায়িত্ব পালন করবেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়া একটি নাগরিক অধিকার। কিন্তু ভোট গ্রহণের দায়িত্ব দেওয়ায় আমি সেই অধিকার প্রয়োগ করতে পারব না। একটি ভোটের ব্যবধানে যেখানে প্রার্থীর জয়-পরাজয় নির্ভর করে, সেখানে হাজার হাজার ভোট নষ্ট হওয়ার বিষয়টি অমানবিক।’ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। ২৩৫ কেন্দ্র গুরুত্বপূর্ণ: গাজীপুর সিটির মোট ৩৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের শতকরা প্রায় ৬০ ভাগ। এর মধ্যে রয়েছে জয়দেবপুর থানা এলাকার ১৬০টি এবং টঙ্গী মডেল থানা এলাকার ৭৫টি কেন্দ্র। বাকি ১৫৭টি সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গুরুত্বপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ সাতজন পুলিশ, তিনজন ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসারের একজন পিসি, একজন এপিসি এবং লাঠিসহ ১২ জনসহ মোট ২৪ জন সদস্য মোতায়েন থাকবেন।