৬০ ভাগ বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারী সমিতির
সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধি ও নতুন পে-স্কেলের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।
নেতারা জানান, ২০০৯ সালে জাতীয় বেতন কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন ১৫-২৫ ভাগ বেড়েছিল, যা ওই সময়ের বাজারদর ও জীবনযাপনের ন্যূনতম প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে।
গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মচারী সমিতি আয়োজিত মানববন্ধনে এসব তথ্য জানানো হয়। সমিতির সভাপতি মাহফুজুর রহমান দ্রুত জাতীয় পে-কমিশন গঠন করে নতুন বেতন স্কেল প্রদান, ১ জানুয়ারি থেকে অন্তর্বর্তী সময়ের জন্য সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন-ভাতা বৃদ্ধি, সচিবালয়ে কর্মরত কর্মচারীদের মতো অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের সমযোগ্যতাসম্পন্ন কর্মচারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় বেতন স্কেল প্রদান করে বেতনবৈষম্য নিরসনের দাবি উত্থাপন করেন। এ সময় সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।