৬০ ভাগ বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারী সমিতির
সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধি ও নতুন পে-স্কেলের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। নেতারা জানান, ২০০৯ সালে জাতীয় বেতন কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন ১৫-২৫ ভাগ বেড়েছিল, যা ওই সময়ের বাজারদর ও জীবনযাপনের ন্যূনতম প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে।গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মচারী সমিতি আয়োজিত মানববন্ধনে এসব তথ্য জানানো হয়। সমিতির সভাপতি মাহফুজুর রহমান দ্রুত জাতীয় পে-কমিশন গঠন করে নতুন বেতন স্কেল প্রদান, ১ জানুয়ারি থেকে অন্তর্বর্তী সময়ের জন্য সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন-ভাতা বৃদ্ধি, সচিবালয়ে কর্মরত কর্মচারীদের মতো অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের সমযোগ্যতাসম্পন্ন কর্মচারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় বেতন স্কেল প্রদান করে বেতনবৈষম্য নিরসনের দাবি উত্থাপন করেন। এ সময় সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।