৬০ মণ ইলিশ নিয়ে ট্রাক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র থেকে ৬০ মণ ইলিশ মাছ নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক দুই শ্রমিকসহ উধাও হয়ে গেছে। রোববার সন্ধ্যায় ট্রাকটি ছেড়ে গেলেও গতকাল বুধবার পর্যন্ত ট্রাক ও ট্রাকের এক শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিএফডিসি অবতরণকেন্দ্রের ব্যবসায়ীরা জানান, রোববার সন্ধ্যায় পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ী ইউনুস সিকদার, মিলন ও জসিম মিয়া যৌথভাবে পাথরঘাটা থেকে একটি ট্রাক ভাড়া নিয়ে ৬০ মণ ইলিশভর্তি করে ঢাকার কারওয়ানবাজারের উদ্দেশে পাঠান। কিন্তু রাত দুইটার পর থেকে ট্রাকে অবস্থানরত স্থানীয় দুই শ্রমিক ও চালকের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার ভোরে ট্রাকে অবস্থানরত পাথরঘাটা পাইকারি বাজারের লাইন শ্রমিক মাসুমকে ফরিদপুরের কানাইহাট থেকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু অপর লাইন শ্রমিক দেবু ধোপারের খোঁজ গতকাল পর্যন্ত পাওয়া যায়নি।