৬০ মামলার আসামি ওয়ার্ড আ.লীগের এক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলাসহ ৬০ মামলার আসামি শামসুল ইসলাম ওরফে লাভলু (৪২) বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১২টি জিডিও রয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আনন্দবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ। তিনি নিজেকে মহানগরের ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বলে দাবি করেছেন।লাভলুর বিরুদ্ধে রাজধানী ও এর আশপাশের থানাগুলোতে মামলা ও জিডির সংখ্যা ৭২টি। ২৭ এপ্রিল রাতে সহোদর সহিদুল ইসলাম ওরফে রিপনকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে লাভলুর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। থানা হেফাজতে রোববার লাভলু চাঁদাবাজি, দখল বা অন্যান্য অভিযোগও অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে করা সব মামলা ভিত্তিহীন। তাঁর বাবা সিরাজুল ইসলাম মারা যাওয়ার পর সব সম্পদ তাঁর ছোট ভাই রিপন দখল করে রেখেছেন। সম্পদের ভাগ চাইতে গেলেই রিপন বিভিন্ন জনকে দিয়ে মামলা করিয়েছেন এবং শেষ পর্যন্ত পুলিশকে দিয়ে তাঁকে গ্রেপ্তার করিয়েছেন।