৬০ লাখ টাকা আত্মসাৎ ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা পরিষদের প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে এই টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও জেলা পরিষদের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।বরিশাল বিভাগীয় কমিশনার নুরুল আমিন স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত তিনটি অর্থবছরে পটুয়াখালী জেলা পরিষদের খেয়াঘাট, পুকুর, জমি ও পাবলিক টয়লেট ইজারা এবং কার্যালয়ের মিলনায়তন ভাড়া বাবদ আয় করা ৫৯ লাখ ৪৮ হাজার ১৮৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এই টাকা ব্যাংক কর্তৃপক্ষের ভুয়া সই ও সিল ব্যবহার করে বিভিন্ন সময়ে আত্মসাৎ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র দুয়ারী এককভাবে ওই টাকা আদায় করে তাঁর তত্ত্বাবধানে ব্যাংকের ভুয়া সিল ও সই ব্যবহার করে জমা দেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে। তাই তিনি ওই টাকা আত্মসাতের সঙ্গে জড়িত। বার্তাবাহক নাসির উদ্দিন তদন্ত কমিটির সামনে হাজির হয়ে কোনো বক্তব্য দেননি এবং তিনি পলাতক। তাই তিনিও অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট। এ ছাড়া হিসাবরক্ষক জয়দেব চন্দ্র বল সঠিকভাবে জেলা পরিষদের হিসাব সংরক্ষণ করেননি এবং অর্থ আত্মসাতের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। তাই এ ঘটনায় তিনি দায়িত্ব এড়াতে পারেন না। জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন জানান, প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।গত ১২ সেপ্টেম্বর অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানি হলে এরপর বিভাগীয় কমিশনারের নির্দেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৬ নভেম্বর জেলা পরিষদে তদন্ত প্রতিবেদন জমা দেয়।