৬০ লাখ টাকার কাজ পেতে গুনতে হলো ১০ লাখ
পঞ্চগড়ের বোদা পৌরসভায় সড়ক পাকাকরণ কাজের দরপত্রে অনিয়ম হয়েছে। ৬০ লাখ টাকার কাজ সমঝোতার মাধ্যমে ভাগ-বাটোয়ারা করে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সমঝোতার মাধ্যমে যে ঠিকাদারেরা কাজ পেয়েছেন তাঁরা অন্য ঠিকাদার ও কর্মকর্তাদের ১০ লাখ টাকা দিয়েছেন বলেজানা গেছে।পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা শহর অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো নামের পৃথক দুটি প্রকল্পের আওতায় ৩০ লাখ করে ৬০ লাখ টাকায় দুটি সড়ক পাকাকরণ কাজের দরপত্র আহ্বান করা হয়। গত ১০ অক্টোবর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। দুটি গুচ্ছে ৪২টি দরপত্র বিক্রি হয়। কিন্তু সমঝোতার ফলে প্রত্যেকটি গুচ্ছে মাত্র ছয়টি করে দরপত্র জমা পড়ে। এসব দরপত্রে দশমিক পাঁচ ভাগ থেকে শতকরা এক ভাগ কম দরে দরপত্র দাখিল করা হয়। প্রতিযোগিতামূলক এসব কাজ হলে কমপক্ষে শতকরা ১৫-২০ ভাগ কম দরে ঠিকাদারেরা কাজ নিতেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানিয়েছেন। যে দুজন ঠিকাদারকে এই কাজ দেওয়া হয়েছে তাঁরা এসব কাজের বিপরীতে প্রায় ১৬ শতাংশ টাকা অন্যঠিকাদার ও কর্মকর্তাদের উৎকোচ দিয়েছেন। সে হিসাবে প্রায় ১০ লাখ টাকা দিতে হয়েছে তাঁদের। এ টাকার একটি অংশ এ কাজে জড়িত কর্মকর্তাদের পকেটে এবং বাকিটা দরপত্র কেনা ৪০ জন ঠিকাদার, স্থানীয় নেতা, এমনকি সাংবাদিকদেরও দেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার জানিয়েছেন।কাজ পাওয়া একজন ঠিকাদার হচ্ছেন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাদেমুল ইসলাম। তিনি বলেন, ‘আমার নাম করে রাজীব নামে একজন এই কাজটি সমঝোতা করে কিনে নিয়েছেন। কত টাকায় নিয়েছেন তা বলতে পারব না। তখন আমি ঢাকায় ছিলাম।’ অপর ঠািকাদার হলেন বোদা উপজেলার আওয়ামী লীগের সমর্থক ইমতিয়াজ হোসেন মির্জা। তিনি বলেন, ‘সমঝোতার মাধ্যমে কাজটি নিয়েছি।’পৌরসভার প্রকৌশলী প্রণব কুমার বলেন, ‘সমঝোতা হয়েছে কি না বলতে পারব না। তবে ১২টি দরপত্র জমা পড়েছিল। এর মধ্যে যে দুজন ঠািকাদার কাজ দুটির জন্য নির্বাচিত হয়েছেন এর একজন শতকরা দশমিক পাঁচ এবং অন্যজন দশমিক চার ভাগ কম দরে দরপত্র দাখিল করেন। যাচাই-বাছাই করার পর এই দুজন ঠিকাদারকে নির্বাচন করে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্প পরিচালকের দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদন এসেছে। এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। তবে তা প্রক্রিয়াধীন।’বোদা মহিলা কলেজের শিক্ষক এমরান আল আমিন বলেন, পৌরসভা ঘোষণার চৌদ্দ বছর পার হলেও এ পৌরসভার কোনো নির্বাচন এখনো হয়নি। পৌর প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম চলছে। ফলে পৌরসভার দরপত্রসহ নানা কাজে আমলাবান্ধব দুর্নীতি অহরহ ঘটছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ ধরনের অপকর্ম চলতেই থাকবে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।