৬০ লাখ টাকার কাজের দরপেত্র 'সমঝোতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর গণপূর্ত বিভাগের ৬০ লাখ টাকার কাজের দরপত্র ১১ জন কিনলেও আটজন তা জমা দিতে পারেননি। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের ঠিকাদারি গ্রুপের বাধা এবং প্রাণনাশের হুমকির কারণে ওই আটজন দরপত্র জমা দেননি। কাজটি সমঝোতা করে ভাগাভাগি করা হয়েছে।
মেহেরপুর গণপূর্ত বিভাগ জানায়, ১৯ কোটি টাকা ব্যয়ে শহরের উপকণ্ঠে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নির্মাণকাজ করছে জহিরুল ইসলাম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ৬০ লাখ টাকা ব্যয়ে এর সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ৩১ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। এরপর এক হাজার টাকা মূল্যে ১১ জন ঠিকাদার দরপত্র ক্রয় করেন। দরপত্র ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স লিটন ট্রেডার্স, অঞ্চল ভট্টাচার্য্য, আনিসুর রহমান, জহিরুল ইসলাম লিমিটেড, রশিদুল হারুন সজল, তামান্না ট্রেড ইন্টারন্যাশনাল, গোলাম রসুল, ইয়াসিন আলী, গোলাম সারওয়ার, রবিউল ইসলাম ও আরএস এন্টারপ্রাইজ। কিন্তু ২ সেপ্টেম্বর দরপত্র দাখিলের শেষ দিন জহিরুল ইসলাম লিমিটেড, অঞ্চল ভট্টাচার্য্য ও তামান্না ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া কেউই দরপত্র জমা দেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, কাজ পাওয়ার আশায় এক হাজার টাকায় তাঁরা দরপত্র কেনেন। এর পর থেকে মুঠোফোনে এবং সরাসরি দরপত্র জমা না দিতে তাদের হুমকি দেওয়া হয়। হুমকিদাতারা সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং ছাত্রলীগের ক্যাডার। ভয়ে তাঁরা দরপত্র জমা দেননি। তাঁরা জানান, আওয়ামী লীগের একটি গ্রুপের দরপত্রকে বৈধতা দিতে সমঝোতা করে শুধু তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে।
জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল জানান, তিনিও দরপত্র কিনেছিলেন। কিন্তু কনস্ট্রাকশন সেক্টরটি জহিরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই দরপত্র জমা দেননি। তবে দরপত্র জমাদানে আওয়ামী লীগ, ছাত্রলীগের কেউ কাউকে বাধা ও হুমকি দেয়নি।
মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ জানান, ১১টির মধ্যে তিনটি দরপত্র জমা হয়েছে। এটাকে সমঝোতা বা সন্ধি (নেগোসিয়েট) দরপত্র বলা হয়। ঊর্ধ্বে হলে এ দরপত্র বাতিল করা সম্ভব ছিল। সমঝোতা হওয়ায় স্বল্প নিম্ন দরে দরপত্র জমা হয়েছে। ফলে কাজ তাঁদেরই একজন পাবেন। এ ব্যাপারে কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার কার্যাদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকৌশলী বলেন, ঠিকাদারেরা যেন নির্বিঘ্নে দরপত্র জমা দিতে পারেন সে জন্য গণপূর্ত, ডিসি অফিস ও এসপি অফিসে দরপত্র বাক্স রাখা ছিল। তিন স্থানের কোথাও কেউ দরপত্র জমাদানে বাধা দেয়নি। এখন বাইরে কেউ বাধা বা হুমকি দিলে অফিসের কিছুই করার থাকে না।