দীর্ঘ এক বছরেও পিরোজপুরের কাউখালী নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি চালু হয়নি। জনবল নিয়োগ না দেওয়ায় এবং যন্ত্রপাতি সরবরাহ না করায় ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা এ ভবনটি কোনো উপকারে আসছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে অভ্যন্তরীণ নৌচলাচল পূর্বাভাস কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ১৩টি উপজেলায় (পিরোজপুরের কাউখালী, মুন্সিগঞ্জের মাওয়া, নরসিংদী সদর, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, মানিকগঞ্জের আরিচা, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, বরিশালের হিজলা ও সদর, ভোলার মনপুরা, চাঁদপুরের সদর, খুলনার কয়রা ও পটুয়াখালীর সদর) নৌ আবহাওয়ার জন্য এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় কাউখালীতে এটি স্থাপনের উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ।পিরোজপুর জেলা গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে কাউখালী উপজেলা সদরের দুই একর জমিতে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ভবন, সীমানাপ্রাচীর, ভেতরের রাস্তা ও বৈদ্যুতিক কাজের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ হয়। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে।গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, ২০১০ সালের জুন মাসে ভবনের নির্মাণকাজ শেষ হয়। এখানে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। অনসার বাহিনীর চারজন সদস্য এটি পাহারা দিচ্ছেন। আনসার সদস্য মো. নূরুল ইসলাম বলেন, ‘আমরা খালি ভবনটি পাহারা দিচ্ছি।’কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, ‘কাউখালী বন্দরসংলগ্ন সন্ধ্যা নদীতে অসংখ্য ছোট-বড় নৌযান চলাচল করে। দুর্যোগের সময় নৌযানগুলোকে আবহাওয়ার সংকেত দেওয়ার জন্য কাউখালীতে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কিন্তু জনবল নিয়োগ না দেওয়ায় এটি চালু করা হচ্ছে না। বিষয়টি আমি জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তুলব।’আবহাওয়া অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. মাজিদুল ইসলাম জানান, লোকবল ও যন্ত্রপাতির সংকটের কারণে কাউখালী নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র চালু করা যাচ্ছে না। এরই মধ্যে মন্ত্রণালয় লোকবল নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। নিয়োগের প্রক্রিয়া শেষ হলে ওই কেন্দ্রে লোকবল দেওয়া হবে। পাশাপাশি নতুন যন্ত্রপাতিও দেওয়া হবে। তখন ভবনটি পুরোপুরি ব্যবহার করা যাবে।