৬০ লাখ টাকার সড়ক, ৬০ দিনও টিকল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ। সড়কটি ৬০ লাখ টাকা ব্যয়ে আগস্ট মাসের শেষ দিকে সংস্কার করা হয়। গতকাল দুপুরে খানাখন্দের এ ছবি তোলা l প্রথম আলো
বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ। সড়কটি ৬০ লাখ টাকা ব্যয়ে আগস্ট মাসের শেষ দিকে সংস্কার করা হয়। গতকাল দুপুরে খানাখন্দের এ ছবি তোলা l প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশনের একটি সড়ক সংস্কারের ৬০ দিনের মধ্যে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়ক ৬০ দিনও টেকেনি। নগরবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ এবং অর্থ আত্মসাতের কারণেই টেকসই হচ্ছে না উন্নয়ন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বরিশাল সিটি করপোরেশন মাত্র ২০০ গজ সড়ক সংস্কারের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আগস্ট মাসের শেষ সপ্তাহে সড়কে শুধু পিচ দিয়ে তার ওপর বালু দেওয়া হয়েছে। বৃষ্টিতে বালু ধুয়ে নিয়ে যাওয়ায় আগের চেয়েও খারাপ অবস্থা হয়েছে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, নগরের ফজলুল হল অ্যাভিনিউর সঙ্গে চকবাজারের একটি অংশ সংস্কারের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়। আগস্টের শেষ দিকে সড়ক সংস্কার করা হয়। তখন সম্পূর্ণ সড়ক কার্পেটিং করা সম্ভব হয়নি। ভাঙাচোরা অংশে কার্পেটিং করা হয়েছে; যার কারণে সড়কে খানাখন্দ হয়েছে। তবে ঠিকাদারকে বলা হয়েছে ওই সড়ক পুনরায় করে দেওয়ার জন্য।
ফজলুল হক অ্যাভিনিউর ব্যবসায়ী হারুন অর রশীদ বলেন, কিছুদিন আগে সিটি করপোরেশনের উদ্যোগে পিচ দেওয়া হয়েছে। ওই সময় কোনো সংস্কারকাজ করা হয়নি। বৃষ্টিতে পিচ ধুয়ে গিয়ে সড়ক আরও খারাপ হয়েছে।
করপোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ওই সড়ক সংস্কারে মূলত এক কোটি চার লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র তাঁর পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেই এ ধরনের কাজ করছেন। ওই সময়ে ফজলুল হক অ্যাভিনিউ ও রাজাবাহাদুর সড়কের ভালো অংশে পিচ দিয়ে সংস্কার দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
বরিশালের প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান বলেন, শুধু ফজলুল হক অ্যাভিনিউ নয়, নগরে কোনো সড়কেই টেকসই উন্নয়ন হচ্ছে না। দলীয় লোকের মাধ্যমে কাজ করানো হচ্ছে; এ কারণে কাজের মান খুবই নিম্নমানের হচ্ছে। এটা ঠিকাদারের মাধ্যমে অর্থ আত্মসাৎ ছাড়া আর কিছুই না।
করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, সব সড়কে কার্পেটিং না করায় অনেক স্থানের কার্পেটিং উঠে গেছে। তবে ওই সড়কে একাংশের কাজ এখনো বাকি আছে। ওই কাজের সঙ্গে পুরো সড়ক সংস্কার করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
মেয়র আহসান হাবিব কামাল বলেন, নিম্নমানের কাজ বা পছন্দের ঠিকাদারের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা সঠিক নয়। ফজলুল হক অ্যাভিনিউ সড়কের কাজ করা হয়েছিল ঠিকই। তবে বৃষ্টির কারণে সমস্যা হয়েছে। বৃষ্টির পর পুনরায় ওই সড়কের কাজ করা হবে।