৬০ লাখ ভারতীয় রুপিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০ লাখ ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাই এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তিনি। গ্রেপ্তার ব্যক্তির নাম হামিদুল্লাহ (৪০)। তাঁর বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়। গ্রেপ্তার হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে নিজেকে তাবলিগ জামাতের কর্মী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, ব্যাগে ভারতীয় রুপি থাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, তাঁর এক ভাই তাঁকে ব্যাগটি দিয়ে বলেছেন, চট্টগ্রামে নামার পর কেউ একজন ফোন করে বিমানবন্দর থেকে ব্যাগটি নিয়ে যাবেন। বিমানবন্দর শুল্ক বিভাগ সূত্র জানায়, হামিদুল্লাহকে দেখে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। কর্মকর্তারা তাঁর ব্যাগ তল্লাশি করে দেখেন, ব্যাগের নিচের দিকে কেটে মুদ্রা রাখা হয়েছে। এরপর ওপরে কাপড় দিয়ে ঢেকে রাখা। শুল্ক কর্মকর্তারা জানান, হামিদুল্লাহর ব্যাগ থেকে এক হাজার রুপির নোট চার হাজার ১৯১টি ও ৫০০ রুপির তিন হাজার ৫৯৫টি নোট পাওয়া যায়। সবগুলো নোটই নতুন। প্রতিটি ভারতীয় রুপির দর এক টাকা ৫৪ পয়সা হিসাব করে জব্দ করা মুদ্রার বাংলাদেশি মূল্যমান হয় প্রায় ৯২ লাখ টাকা। বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হামিদুল্লাহকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ ভারতীয় মুদ্রা কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।