বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রামের পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগে আটজন প্রকৌশলীসহ ৯৭ জন কর্মকর্তা-কর্মচারীর পদ দীর্ঘদিন শূন্য৷ এতে কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া ছাড়াও পাশের বোয়ালখালী এবং আনোয়ারার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে৷ কার্যালয়টিতে নির্বাহী প্রকৌশলীর পদসহ ১৬২টি পদ রয়েছে। বর্তমানে আটজন কর্মকর্তাসহ আছেন ৬৫ জন, যা মোট জনবলের ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশ পদ শূন্য। তার মধ্যে উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীর পদও রয়েছে।
সূত্র জানায়, আটজন প্রকৌশলী থাকলেও তাঁদের মধ্যে চারজন পশ্চিম পটিয়ার মইজ্যার টেকে শিল্পজোন এলাকায় অবস্থিত অভিযোগ কেন্দ্রে দায়িত্ব পালন করেন৷
সম্প্রতি বিতরণ বিভাগে গিয়ে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী ছাড়া অন্য প্রকৌশলীদের কক্ষ দুটিতে তালা মারা। একাধিক গ্রাহক এসে প্রকৌশলীদের সঙ্গে দেখা করার জন্য ঘোরাঘুরি করছেন।
হাইদগাঁও গ্রাম থেকে আসা গ্রাহক দয়ানন্দ বলেন, ‘বিল সংশোধনের জন্য সকাল থেকে দু-তিনবার এসেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাইনি। দুপুর একটায় আবার এসে সংশোধনের কাজটি করতে পারলাম।’
নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পটিয়ায় গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ অধিকাংশ পদে লোকবল নেই। ফলে রাজস্ব আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, যথাসময়ে গ্রাহকদের সমস্যার সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
খোঁজ নিয়ে জানা যায়, কার্যালয়ের একমাত্র উপবিভাগীয় প্রকৌশলীর পদ পাঁচ বছর ধরে শূন্য৷ পাঁচজন সহকারী প্রকৌশলীর মধ্যে তিনজন নেই পাঁচ থেকে সাত বছর ধরে। নয়জন উপসহকারী প্রকৌশলীর মধ্যে চারজন নেই চার বছর। ১১ জন জুনিয়র হিসাবরক্ষকের মধ্যে আটজন নেই। ৪০ জন লাইন সহকারীর মধ্যে ৩৩ জন নেই দীর্ঘদিন৷ সাতজন মিটার রিডারের মধ্যে চারজন নেই পাঁচ বছর। তিনজন অভিযোগ গ্রহণকারীর মধ্যে দুজন নেই সাত বছর ধরে।
সহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার বলেন, ‘এতগুলো অফিসারের কাজ আমাদের তিনজনকে করতে হচ্ছে। এ জন্য কখনো অফিসে কখনো মাঠে দৌড়াদৌড়িতে থাকতে হয়।’
মিটার রিডার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, ‘সরকারি নিয়মে একজন মিটার রিডারকে এক হাজার ২৫০ গ্রাহকের মিটার দেখতে হয়। সে জায়গায় আমাকে ১১ হাজার ৫০০ গ্রাহকের মিটারের বিল করতে হয়। ফলে প্রতি মাসে গ্রাহকের বাড়িতে গিয়ে বিল তৈরি করা সম্ভব হয় না।’