৬০ শতাংশ মানুষ সেবা নিয়ে অসন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে আসা ৬০ শতাংশ মানুষ সেবা নিয়ে অসন্তুষ্ট। নিম্নতম উপার্জনকারী দরিদ্র পরিবারগুলো মাসিক আয়ের ৩৫ শতাংশ ব্যয় করে চিকিৎসার পেছনে।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এক গবেষণায় এ তথ্য দিয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে জনখাতে সেবা প্রদান পদ্ধতি: স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা’ শিরোনামের এই গবেষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। গবেষণায় দেখা গেছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে একজন রোগীকে গড়ে ৮২৫ টাকা খরচ করতে হয়। বহির্বিভাগে গড়ে ৯০ টাকা এবং অন্তর্বিভাগে গড়ে দুই হাজার ৪৭৭ টাকা খরচ করতে হয়। চিকিৎসা খরচের ৬৬ শতাংশ ব্যয় হয় ওষুধ ও মেডিকেল পরীক্ষার জন্য। এই খরচ মেটাতে একটি পরিবারের মাসিক আয়ের ৯ শতাংশ ব্যয় করতে হয়। দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে মাসিক আয়ের ৩৫ শতাংশ ব্যয় হয় চিকিৎসা খাতে।বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো এবং গবেষণা দলের প্রধান এম এ মান্নান গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি বলেন, সাতটি বিভাগের প্রতিটি থেকে দুটি করে ১৪টি জেলা হাসপাতাল, চারটি করে ২৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চারটি করে ২৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র গবেষণার আওতায় নেওয়া হয়। এই ৭০টি স্বাস্থ্যকেন্দ্রে আসা এক হাজার ৮২০ জন রোগীর তথ্য নেন বিআইডিএসের গবেষণা দলের সদস্যরা। ২০১২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এ তথ্য সংগ্রহ করা হয়। দি এশিয়া ফাউন্ডেশনের ‘প্রদীপ’ কর্মসূচির জন্য এ গবেষণা করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, প্রতিবছর কয়েক কোটি মানুষ সরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা নেয়। সেবা গ্রহণকারীর তুলনায় গবেষণার নমুনার আকার অনেক ছোট। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করা এবং নতুন ক্লিনিক স্থাপন বর্তমান সরকারের বড় ধরনের সাফল্য। এই উদ্যোগ আন্তর্জাতিক প্রশংসা পাচ্ছে। গবেষণায় কমিউনিটি ক্লিনিকের তথ্য না থাকায় তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেন।মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংসদ ফজলুল হক বলেন, সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসক উপস্থিত না থাকার জন্য মূলত দায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, মহাপরিচালক কার দ্বারা পরিচালিত হচ্ছেন, তা তাঁর জানা নেই। স্বাগত বক্তব্যে বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। অব্যবস্থাপনা চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে বলেও উল্লেখ করেন তিনি।গবেষণায় দেখা গেছে, ৩২ শতাংশ রোগীকে জেলা হাসপাতালে এবং ২০ শতাংশ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মবহির্ভূত ব্যয় করতে হয়। এই ব্যয়ের তিন-চতুর্থাংশ দিতে হয় ওয়ার্ড বয়, পিয়ন ও অন্যান্য সহকারী কর্মচারীদের। বহির্বিভাগে ২৩ শতাংশ এবং অন্তর্বিভাগের ৭ শতাংশ রোগী ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতাল থেকে সব ধরনের ওষুধ পায়। ৬০ শতাংশ মানুষের সেবা নিয়ে অসন্তুষ্টির কারণ, চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেওয়ার আগে মাত্র ২০ শতাংশ রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করেন।