৬০ স্থানে ২০০ 'বোমা' মেশিনে পাথর উত্তোলন
ধরলা, সানিয়াজান, সিংগীমারী ও তিস্তা এই চার নদীর প্রবেশমুখ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা। পাটগ্রামের এই চার নদীতে দীর্ঘদিন ধরে নির্বিচারে ‘বোমা’ মেশিনে পাথর উত্তোলন করা হচ্ছে। নিয়মনীতি না মেনে পাথর উত্তোলনকারীরা সেতু, কালভার্ট, সড়ক ও রেলপথের অদূরে বোমা মেশিন বসাচ্ছেন। এতে নদীগর্ভে চলে যাচ্ছে কৃষিজমি, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
সরেজমিনে দেখা গেছে, ধরলা নদীর প্রবেশমুখ খেংটি এলাকাতেই চলছে একাধিক বোমা মেশিন। স্থানীয় ব্যক্তিরা জানান, গত কয়েক বছর ধরে সেখানে মেশিন বসিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। ফলে এর আশপাশে নদীর বুকে জমেছে বালুর স্তূপ। সানিয়াজান নদীরও বিভিন্ন স্থান থেকে পাথর তোলায় এটিও মরে যেতে বসেছে। নদীতে সৃষ্টি হয়েছে বড় বড় বালুর স্তূপ। বালুর স্তূপের কারণে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ।
এলাকার অনেকে জানান, লালমনিরহাট-বুড়িমারী রেলপথ, পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়ক, বুড়িমারী, উফারমারা, খেন্টিং, মাস্টারপাড়া, বামন দল, কাউয়ামারী বাজার, বেংকান্দা, ডাঙ্গিরপাড়, মিজারকোর্ট, তেলিপাড়া, কামারেরহাট, ধবলসুর্তি, ঝাকুয়াটারি, চাত্রারাপাড়, ললিতারহাট, সোহাগপুরসহ ধরলা ও সিংগীমারী নদীর অন্তত ৬০টি স্থানে ২০০ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর তীরবর্তী অনেক এলাকাতেই বছরের পর বছর ধরে ভাঙছে নদীর পাড়। এভাবে পাথর তোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি মসজিদ হুমকিতে রয়েছে। যেখানে মেশিনগুলো চলছে তার পাশেই রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত প্রায় তিন কোটি টাকার একটি বাঁধ। এর অদূরে রয়েছে মাঝিপাড়া ঈদগাঁ মাঠ, মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা এবং একটি কবরস্থান। পাথর উত্তোলনের ফলে এগুলোও হুমকিতে রয়েছে।
ভূমিধস ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা: নদীর ৫০ থেকে ২০০ ফুট গভীর থেকে পাথর ও বালু উত্তোলনের কারণে নদীর মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বালুর স্তূপের জন্য বন্ধ হয়ে যাচ্ছে নদীর গতিপ্রবাহ। এতে ভয়াবহ ভূমিধসসহ নদীর আশপাশের কৃষিজমির দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভূমিধসের কারণ হিসেবে খোদ সরকারি ‘জাতীয় ই-তথ্যকোষে’ নদী থেকে পাথর ও বালু তোলা এবং নদী ভরাটের কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে ইউএনও মো. রফিকুল হক জানান, জেলা প্রশাসনের সহযোগিতার নিয়ে দু-এক দিনের মধ্যে মেশিন উচ্ছেদে অভিযান চালানো হবে।