৬০ হাজার আসামি, দেড় মাসে গ্রেপ্তার মাত্র ৯৯
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। এজাহারভুক্ত আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ রয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্তকেন্দ্রের চারজন পুলিশকে পিটিয়ে হত্যা, রেলস্টেশন, মহিলা ভাইস চেয়ারম্যান ও সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুরের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ২২ এপ্রিল পর্যন্ত ৩২টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ৫৯ হাজার ৮৪৫ জনকে। এর মধ্যে এক হাজার ৩৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ব্যক্তিদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।এসব ঘটনায় দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। ২২ এপ্রিল পর্যন্ত এসব মামলায় মাত্র ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও একটি মামলার বাদী। জামায়াত-শিবিরের অনেক এজাহারভুক্ত নেতা-কর্মী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁদের গ্রেপ্তারে পুলিশের তেমন কোনো ভূমিকা লক্ষ করা যাচ্ছে না। পুলিশের গ্রেপ্তার-বাণিজ্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সহিংসতার ইন্ধনদাতা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সাংসদ আবদুল আজিজ। অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হলেও পুলিশ তাঁকে ধরছে না। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম বলেন, ‘২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির অগ্নিসংযোগ করে আমার ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ নিয়ে আমি নিজে বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন-চার হাজার মানুষকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করি। কিন্তু দেড় মাসে আমার মামলায় মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, আসামিদের সন্ধান দেওয়ার পরও পুলিশ গ্রেপ্তারে আগ্রহ দেখাচ্ছে না।গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তার পরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আসামিদের সন্ধান দেওয়ার জন্য বিভিন্ন সভা-সমাবেশে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।জানতে চাইলে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রত্যন্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার করা পুলিশের পক্ষে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আসামিদের সন্ধান পাওয়ার বিষয়ে সাধারণ মানুষের কাছে তেমন একটা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তার পরও গ্রেপ্তার অভিযান চলছে। তিনি বলেন, সাবেক সাংসদ আজিজকে গ্রেপ্তার করতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।