৬০ হাজার বিদ্যুৎ-গ্রাহকের ভোগান্তির মূলে একটি যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ফ্রিকোয়েন্সি রিলে মেশিন স্থাপনের কারণে সিলেটের দুটি উপজেলা ও একটি থানা এলাকায় ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এতে ৬০ হাজার বিদ্যুৎ-গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই দুর্ভোগের প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন গত সোমবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় বালাগঞ্জ, ও বিশ্বনাথ উপজেলা এবং ওসমানীনগর থানা এলাকায় প্রায় ৬০ হাজার গ্রাহক আছেন। সিলেট শহরের কুমারগাঁওয়ে ৩৩ কেভি ফিডার লাইনের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সঞ্চালন লাইনে একটি আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে মেশিন বসানো ছিল। গত বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সিলেট সফরের পর লোড ব্যবস্থাপনা ও গ্রিডের নিরাপত্তার কথা বলে ওই লাইন থেকে মেশিনটি সরিয়ে শনিবার কুমারগাঁও এলাকায়ই বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সঞ্চালন লাইনে স্থাপন করা হয়। এরপর থেকেই এ লাইনের আওতাধীন এলাকায় শুরু হয় ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট। গত তিন দিনে টানা এক ঘণ্টাও বিদ্যুৎ পাননি এসব গ্রাহক। প্রসঙ্গত, ওই উপদেষ্টার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে। তাজপুর বাজারের ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। দিনে ২০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ভালো থাকবে কী করে! ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লোকজন সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের অনুরোধ করে সরিয়ে দেওয়া হয়েছে।সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম হাসনাত হাসান বলেন, মেশিনটি আগে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার লাইনে ছিল। কর্তৃপক্ষের নির্দেশে তা বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর লাইনে লাগানো হয়েছে। এই মেশিন না সরানো পর্যন্ত বিদ্যুৎবিভ্রাট কোনো অবস্থায়ই কমবে না।