লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ব্রহ্মপুত্র নদের চর এলাকার ৬০ হাজার মানুষকে উচ্ছেদ করে শহর গড়ার চিন্তা উদ্ভট। যাঁরা এই পরিকল্পনা করেছেন, তাঁরা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে ৬০ হাজার মানুষের উচ্ছেদ হওয়ার বিষয়টি জানাননি।
গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ শহরতলির চর গোবিন্দপুর এলাকার একটি স্কুল মাঠে ‘জলবায়ু পরিবর্তন ও পুরাতন ব্রহ্মপুত্র, নদী ও জীবনের কথা’ শীর্ষক এক সমাবেশে সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। ইন্টারন্যাশনাল রিভার নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির সৈয়দ আবুল মকসুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিভাগীয় কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ শহর গড়ার জন্য ময়মনসিংহে ব্রহ্মপুত্রের চর এলাকার ৬০ হাজার মানুষ, স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে পাঁচটি গ্রামের মোট ৪ হাজার ৩৬৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে চরবাসী দীর্ঘদিন ধরে তাঁদের বসতভিটা রক্ষার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে ৬০ হাজার মানুষকে উচ্ছেদ করে শহর গড়ার কোনো নজির নেই। আমার ধারণা, প্রধানমন্ত্রী ৬০ হাজার মানুষ ও স্থাপনা উচ্ছেদের বিষয়টি জানেন না। আমি আপনাদের হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। তিনি জননেত্রী। মানুষের কথা ভাবেন। আশা করি তিনি আপনাদের উচ্ছেদের কষ্ট বুঝবেন।’
সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, বসতবাড়ি রক্ষার পাশাপাশি ব্রহ্মপুত্র নদকেও রক্ষা করতে হবে। বাংলাদেশের নদ-নদী দখল ও দূষণের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরাই জড়িত।
চরবাসীর বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী রক্ষা কমিশনের সদস্য আলাউদ্দিন।