৬০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আকুবপুর মহল্লায় মঙ্গলবার রাতে আশরাফুল আলম নামের এক কলেজছাত্রের বাগানের আরও ৬০টি আকাশমণি গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মাস খানেক আগেও তাঁর বাগানের ৩৬০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।সরেজমিনে ঘুরে জানা গেছে, ওই গ্রামের কলেজছাত্র আশরাফুল আলম ২০১১ সালে পৈতৃক জমিতে একটি বাগান করেন। ওই বাগানে এবং তাঁদের বাড়ির আশপাশে তিনি আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ ৪২০টি গাছের চারা রোপণ করেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা ওই বাগান এবং বাড়ির আশপাশের ৬০টি গাছ কেটে ফেলে। পরের দিন সকালে আশরাফুল গাছগুলো কাটা দেখতে পান।আশরাফুল জানান, তিনি ২০১১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। ওই পরীক্ষার সময় আত্মীয়স্বজনেরা তাঁকে বেশ কিছু টাকা দিয়েছিলেন। ওই টাকা থেকে প্রায় ২০ হাজার টাকা খরচ করে তিনি বাগানটি করেন। আশরাফুলের বাবা মাহফুজুল ইসলাম বলেন ৩১ জানুয়ারি রাতে ৩৬০টি গাছের চারা কেটে ফেলে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বাড়ির আশপাশের ৬০টি গাছের চারাও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।কসবা থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ পারভেজ তালুকদার বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।