
সাতক্ষীরা পৌরসভা এলাকার ৭৯টি সড়কের মধ্যে ৬০টিতে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় কোথাও পানি জমে, আবার কোথাও কাদা হয়ে ভয়াবহ আকার নিয়েছে। এসব সড়কের ২৬৮ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির কারণে বেশ কয়েকটি সড়ক বেশি খারাপ হয়ে গেছে। ওই সব সড়কে ইট, খোয়া দিয়ে চলাচল উপযোগী করা হচ্ছে। সাতক্ষীরা পৌরসভার সড়কসহ অন্যান্য কাজের জন্য জার্মানির সরকারের প্রায় দেড় শ কোটি টাকার একটা প্রকল্প যাচাই-বাছাই সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে তারা বরাদ্দও দিয়ে দিয়েছে। আশা করছি তাড়াতাড়ি ওই প্রকল্পের কাজ শুরু করতে পারব।’
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান সড়ক সার্কিট হাউস থেকে বাঁকাল, নারকেলতলা থেকে থানাঘাটা, কাটিয়া টাউন বাজার থেকে আমতলা মোড়, ঢালিপাড়া হয়ে মন্দির পর্যন্ত, বিউটি হোটেলের পাশ থেকে ঢালিপাড়ার মোড়, থানার সামনে থেকে টিঅ্যান্ডটি মোড়, নবারুণ স্কুলের মোড় থেকে রাজ্জাক পার্ক, নবারুণ স্কুল থেকে জুবিলী প্রাইমারি স্কুলের মোড়, রথখোলা সড়ক, সুদূরডাঙ্গী থেকে ইসলামিয়া প্রাইমারি স্কুল, ফুড অফিস মোড় থেকে ধোপা পুকুর, সরকারপাড়া থেকে লস্করপাড়া ইসলামি প্রাইমারি স্কুল, কাটিয়া প্রাইমারি স্কুল থেকে সরকারি কলেজ সড়ক, পুরোনো সাতক্ষীরা আনসার ক্যাম্পের মোড় হতে বদ্দীপুর, আলিয়া মাদ্রাসা থেকে ঘোষপাড়া পুলিশ ফাঁড়ি, এতিমখানা সড়ক, মদিনা মসজিদ সড়ক, নাথপাড়া সড়ক, পিটিআই মোড় থেকে চালতেতলা মোড়, সাহাপাড়া সড়ক, সুলতানপুর ক্লাব থেকে কাজীপাড়ার সড়ক, ওয়ার্ল্ড ভিশনের মোড় থেকে নাথপাড়া, সুলতানপুর ঝিলপাড়া সড়ক, চালতেতলা থেকে কাঁঠালতলা, মিনন থেকে বাঙালের মোড়, মেজো মিয়ার মোড় থেকে বাগানবাড়ির সড়কসহ কমপক্ষে ৬০টি সড়ক বেহাল। সব কটিই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পিচ উঠে খোয়া বের হয়ে আছে। বেশ কয়েকটি সড়কের ওপর বৃষ্টির পানি জমে রয়েছে। এসব সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম জানান, সাতক্ষীরা পৌর এলাকার পাকা রাস্তা, ইটের সলিং ও কাঁচা সড়কের পরিমাণ ৩৪০ দশমিক ৪০ কিলোমিটার। মোট ৭৯টি সড়কের মধ্যে ৪৫টি সড়কের ২০৪ কিলোমিটার পাকাসহ ২৬৮ কিলোমিটার চলাচলের অনুপযোগী।
সাতক্ষীরা ইটেগাছা এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, সাতক্ষীরা প্রধান সড়কের বাঁকাল থেকে সার্কিট হাউস পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এ সড়কে হাসপাতাল, মেডিকেল কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়, জজকোর্ট, বাস টার্মিনাল, এলজিইডি ভবন, জেলা পরিষদ ভবন, সার্কিট হাউস, সিটি কলেজসহ গুরুত্বপূর্ণ অফিস ও আদালত রয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে কাদার পাশাপাশি বড় গর্তের কারণে ওই সড়কে যাতায়াত করা যাচ্ছে না। সাতক্ষীরা কাছারিপাড়া এলাকার আনিছুজ্জামান জানান, ফুড অফিস মোড় থেকে ধাপাপাড়া সড়কে রিকশা কিংবা ইজিবাইক যেতে চায় না। মোটরসাইকেলে গেলে কোমর ব্যথা হয়।
সাতক্ষীরার আমতলা এলাকার মাধব দত্ত জানান, পৌরসভার কোথাও একটা সড়কও চলাচলের উপযোগী নেই। কাটিয়া বাজার থেকে আমতলা পর্যন্ত কী দিনে কী রাতে চলাচল করতে গেলেই হোঁচট খেতে হয়। সুলতানপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সুলতানপুর এলাকার ছোট-বড় একটি সড়কও চলাচলের উপযোগী নেই।