৬০০ কেজি ইলিশ এক হাজার মিটার জাল জব্দ
বরগুনার বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০০ কেজি ইলিশ ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় কোনো ব্যবসায়ী বা জেলেকে আটক করা সম্ভব হয়নি। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনার বিষখালী নদীতে এবং নদীর তীরের বিভিন্ন এলাকার মৎস্য আড়তগুলোয় অভিযান চালিয়ে জাটকা, মাঝারি আকারের ৬০০ কেজি ইলিশ ও এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। নিয়মানুযায়ী এসব ইলিশ স্থানীয় এতিমখানা, হাসপাতাল ও জেলা কারাগারে বিতরণ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইসলাম জানান, আটটি দলে বিভক্ত হয়ে তাঁরা বরগুনার বিভিন্ন নদ ও নদীতে অভিযান চালাচ্ছেন। কয়েক দিনে অভিযান চালানোর ফলে জেলেদের ইলিশ ধরার প্রবণতা অনেক কমে গেছে।