যৌথ বিনিয়োগ প্রকল্পের আওতায় মালয়েশিয়ার একটি কোম্পানি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ৬০০ কোটি রিঙ্গিত (১৪ হাজার কোটি টাকা) বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা ভারত ও দক্ষিণ এশিয়াবিষয়ক মালয়েশিয়ার বিশেষ দূত দাতুক সেরি এস স্যামি ভেল্লুর উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার এ কথা জানায়।দাতুক সেরি ভেল্লু গতকাল কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প বাস্তবায়নে মালয়েশিয়া সরকারকে প্রস্তাব দেওয়ার পর তিনি সম্প্রতি ওই কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। তবে তিনি ওই কোম্পানির নাম প্রকাশ করেননি।মালয়েশিয়ার সাবেক এই পূর্তমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের নিয়োগ করা পরামর্শকদের তৈরি এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।গত জানুয়ারিতে স্যামি ভেল্লুকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে ভারত ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি গত সপ্তাহে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এক হাজার কোটি রিঙ্গিতের এ প্রকল্পের নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে সেতুর নকশা পুনর্নির্ধারণে নতুন করে গবেষণা করা হবে বলে জানান স্যামি ভেল্লু। সূত্র: বারনামা ডটকম।