৬০০ জন পেলেন কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহে গতকাল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহে গতকাল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় গত রবি, সোম ও গতকাল মঙ্গলবার কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে ৪০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাস্টের উদ্যোগে ক্রাউন সিমেন্ট গ্রুপের সহযোগিতায় ঝিনাইদহে গত দুই দিনে আরও ২০০ জনকে কম্বল দেওয়া হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুষ্টিয়া: কুমারখালী উপজেলার ভাড়রা গ্রামের ভিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রোববার সকালে ৫০ জনের হাতে কম্বল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, শিক্ষক আনন্দ কুমার সরকার, অরুণ কুমার দত্ত, বাবলু শাহ, সমীর শেখ প্রমুখ।
সোমবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় রামকৃষ্ণপুর, ভাগজোত, মহাম্মদপুর,ঠোটারপাড়া, বিশ্ববাধ,ইনসাফনগর এবং মুন্সিগঞ্জ গ্রামের ১২০ জনকে কম্বল দেওয়া হয়। এ সময় কম্বল পেয়ে শতবর্ষী গোলাপজান বলেন, ‘আমি মাটির ঘরে থাকি। সেখানে শীত লাগে। আজ তুমাদের কম্বল পাইয়ি ভালো লাগইছে।’ একই দিন বিকেলে কুমারখালী উপজেলার শিলাইদহ আড়পাড়া এলাকায় ৩০ জনকে কম্বল দেওয়া হয়।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট, বান্দিগড় ও শহরতলির বিভিন্ন এলাকার ২০০ শীতার্ত মানুষের মধ্যে গতকাল কম্বল দেওয়া হয়। দুপুরে সদর উপজেলার দানারহাট ঈদগাহ ময়দানে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। এগুলো বিতরণ করেন দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মো. বনি আমিন, অধ্যক্ষ মো. হাসান আলী, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে এম আবদুল্লাহ প্রমুখ। এ ছাড়া পৌর এলাকা ও এর আশপাশের এলাকা ঘুরে আরও ৫০টি কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।

ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার বিকেলে ও গতকাল সকালে কালীগঞ্জ শহরের নিমতলায় কম্বল বিতরণ করা হয়। ওই দুই স্থান ছাড়াও শহর দুটির বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। মোট ২০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবেরসাধারণ সম্পাদক মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদ্মা’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, বন্ধুসভার সভাপতি তানজিলুর রহমান, সাধারণ সম্পাদক উল্লাস কুমার প্রমুখ।