কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ছয় শতাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। নিষেধাজ্ঞার কারণে রাঙামাটির জেলেরা বিশেষ খাদ্য-সহায়তা পেলেও মহালছড়ি উপজেলার জেলেরা তা থেকে বঞ্চিত। এতে ছয় শতাধিক জেলে পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। সম্প্রতি মহালছড়ি উপজেলা সদরের জেলেপাড়া হিসেবে পরিচিত সিলেটিপাড়া ও চট্টগ্রামপাড়ায় গিয়ে দেখা যায়, জেলেরা অলস সময় কাটাচ্ছেন। সিলেটিপাড়ার রবিউল ইসলাম ও চট্টগ্রামপাড়ার নজরুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে তিন মাস (৮ মে থেকে ৮ আগস্ট) মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। মহালছড়ির জেলেরা জানান, কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণের সময় তাঁরা বছরে কমপক্ষে ৫০ লাখ টাকা রাজস্ব দেন। অথচ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময় তাঁদের খাদ্য-সহায়তা দেওয়া হয় না। মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘মহালছড়ি উপজেলায় জেলের রয়েছেন ৬৩২ জন। নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তা করার জন্য আমরা জেলা মৎস্য কার্যালয় ও মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কার্যালয়ে চিঠি দিয়েছি।’মৎস্য উন্নয়ন করপোরেশনের মহালছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক মিয়া বলেন, নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে মাঝেমধ্যে অভিযান চালানো হয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, মহালছড়ির জেলেদের বিশেষ খাদ্য-সহায়তা পাওয়া উচিত।