৬০০ টাকা আত্মসাৎ ও তদন্তে গাফিলতি
এক স্কুলছাত্রীর উপবৃত্তির ৬০০ টাকা আত্মসাৎ এবং এ ঘটনায় হওয়া মামলার তদন্তে গাফিলতির অভিযোগে কুষ্টিয়ায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনকে ১৩ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক জালাল উদ্দিন এ আদেশ দেন।এর আগে ৭ ফেব্রুয়ারি আদালতে ওই চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান অভিযোগপত্র জমা দেন।যাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তাঁরা হলেন কুষ্টিয়ার কুমারখালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান, ওসি খন্দকার ফেরদৌস আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমারখালী শাখার অবসরপ্রাপ্ত পরিদর্শক সামস উল আলম ও বরইচারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।দুদকের সমন্বিত কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর শামীম বিন সাত্তার নামে এক ব্যক্তি উপজেলার বরইচারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সহকারী কমিশনার (ভূমি) আবু সায়েদ মো. মনজুর আলম তদন্ত করে ৩০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেন। ইউএনও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী শাপলা খাতুনের নামে ২০০৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকারের দেওয়া উপবৃত্তির ৬০০ টাকা বিদ্যালয়ের শিক্ষকেরা আত্মসাৎ করেছেন মর্মে ওই বছরের ৩১ ডিসেম্বর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু তৎকালীন ওসি শেখ আতিয়ার আসামিদের নাম উল্লেখ না করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ কারণে সঠিক ধারা উল্লেখ করে আবার মামলাটি পরিচালনা করার জন্য থানাকে নির্দেশ দেন আদালত। এর মধ্যে ওসি আতিয়ার বদলি হয়ে যাওয়ায় নতুন ওসি খন্দকার ফেরদৌসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনিও তদন্তে গাফিলতি করেন। এ কারণে শামীম বিন সাত্তার তদন্ত গাফিলতির অভিযোগে আদালতে মামলা করেন। মামলাটি ৪০৮ ধারায় হওয়ায় দুদককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।থানার সাবেক ওসি আতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে বিভাগীয় তদন্ত হয়েছে। আদালতে তিনি হাজির হবেন। খন্দকার ফেরদৌস, সামস উল আলম ও নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।