৬০০ টাকা মজুরি বাড়ানোর প্রস্তাবে নিন্দা, প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাবের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।

গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা বলেন, বিজিএমইএর অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত এই প্রস্তাবে মুনাফালোভী মালিকদের সামন্তবাদী ও হীন মানসিকতাই ফুটে উঠেছে।

পোশাক কারখানার মালিকেরা সম্প্রতি ন্যূনতম মজুরি ৬০০ টাকা বাড়িয়ে তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করেন।

নেতারা বলেন, শ্রমিকদের সম্মানজনক ন্যায্য মজুরি প্রদানের মাধ্যমে তৈরি পোশাক খাতে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক, তা মালিকেরা চান না। মালিকদের এই বৈরী মনোভাবাপন্ন আচরণের কারণে পোশাকশ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, যা কোনোভাবেই দেশের শিল্প ও অর্থনীতি বিকাশের জন্য উপযোগী নয়।

নেতারা মালিকদের এই সামন্তবাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে শ্রমিকদের সম্মান করতে শেখার আহ্বান জানান। একটি সম্মানজনক মজুরিকাঠামো নির্ধারণের জন্য মজুরি কমিশনের প্রতি দাবি জানান তাঁরা।

এদিকে গতকাল পৃথক সভায় ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ।

তোপখানায় গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের জরুরি সভায় নেতারা বলেন, মালিকেরা এই অবস্থান না বদলালে শ্রমিকেরা কর্মবিরতি, ধর্মঘটসহ কঠোর আন্দোলনে যাবেন। পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মীর মোফাজ্জল হোসেন, তাসলিমা আখতার প্রমুখ।