
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে জলাবদ্ধতার কারণে অন্তত ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জলাশয় ও কালভার্ট ভরাট করে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় এবং নালা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, এক যুগেরও বেশি সময় ধরে বছরে প্রায় ছয় মাস গ্রামটির একটি বড় অংশ পানিতে নিমজ্জিত থাকে। বর্ষা মৌসুমে বৃষ্টির সঙ্গে দুর্ভোগও বাড়তে থাকে। এসব কারণে চন্দ্রবাস গ্রামবাসী ছাড়াও ওই গ্রামের ওপর দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
৮ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে অবস্থানকালে গ্রামবাসীর দুর্ভোগ চোখে পড়ে। গ্রামের একমাত্র ইটের রাস্তাটির মালিক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এই রাস্তাটি ধরে ১০০ মিটার সামনে এগোতেই জলাবদ্ধতা চোখে পড়ে। রাস্তাটি কোনো রকমে ভেসে আছে। কলেজছাত্র শাফায়েতুল ইসলাম বলেন, গ্রামবাসী নিজেদের সংগ্রহ করা অর্থে প্রায় ২০ ট্রাক ইট কিনে চলাচলের ব্যবস্থা করেছেন।
মাদ্রাসাপাড়ায় রাস্তাটির প্রায় ২০০ মিটার কোমরপানির নিচে চলে গেছে। রাস্তার দুপাশের দুটি পুকুর ছাপিয়ে পানি রাস্তাসহ আশপাশের বাড়িতে ঢুকে পড়েছে। গ্রামবাসী কাঠি পুঁতে রাস্তার নিশানা ঠিক রেখেছেন। রাস্তাটি তলিয়ে যাওয়ায় গ্রামটি দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। বাসিন্দারা বলেন, জরুরি প্রয়োজনে তাঁরা কোমরপানির মধ্য দিয়েই চলাচল করছেন। তবে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের গ্রামবাসীকে অতিরিক্ত পথ ঘুরে চলতে হচ্ছে।
পল্লি চিকিৎসক রবিউল ইসলাম বলেন, জমে থাকা পানির সঙ্গে পয়োনিষ্কাশনের বর্জ্য ও ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া জলাবদ্ধতার সুযোগে সরকারি পুকুরে গ্রামবাসী অনেকে পাট পচান (জাগ দেওয়া)। এতে পানি আরও দুর্গন্ধময় হয়ে পড়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে মশার উপদ্রব বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে রোগবালাই।
গ্রামবাসী আনোয়ার হোসেন বলেন, বাড়ির উঠানে দীর্ঘদিন পানি জমে থাকায় ছোট ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকদের সব সময় উদ্বিগ্ন থাকতে হয়। সম্প্রতি তিন বছর বয়সী একটি শিশু বাড়ির উঠানে জমে থাকা পানিতে ডুবে মারা যাওয়ায় উদ্বেগ আরও বেড়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেকেই গরু-ছাগল পালন করা ছেড়ে দিয়েছেন।
নাটুদহ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে গ্রামের ছোটখাটো অসংখ্য পুকুর ভরাট হয়ে গেছে। পুকুরের জায়গা ভরাট করে ঘরবাড়িসহ স্থাপনা তৈরি করায় পানিনিষ্কাশন-ব্যবস্থা ক্রমশ কমে আসছে।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম দাবি করেন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘কয়েক বছর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস বাড়ি তৈরি করলে সরকারি কালভার্ট বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে নতুন করে নালা তৈরির উদ্যোগ নিলে তাতেও বাধা দেওয়া হয়। বিষয়টি এলাকার এমপিকে বলা হয়েছে।’ হামিদুল্লাহ বিশ্বাস দাবি করেন, তাঁর একা নয়, গ্রামের আরও কয়েকজনের বাড়ি কালভার্টের পাশে রয়েছে। যাঁদের বাধার কারণে নালা হয়নি। সমস্যা সমাধানে নালাটি বাজার অভিমুখে না এনে মাঠের দিকে নেওয়ার পরামর্শ দেন তিনি।
ইউএনও রফিকুল হাসান বলেন, চন্দ্রবাস গ্রামের জলাবদ্ধতার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।