৬০০ বছরের পুরোনো দিঘিটি আর বাঁচবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরও ভরাটের পাঁয়তারা চলেছিল। এলাকাবাসীর দাবির মুখে তা ভেস্তে যায়। খুলনার খানজাহান আলী দিঘি এবার আর বাঁচবে কি না, তা নিয়ে সংশয় শুরু হয়েছে।
নগরের মুজগুন্নী এলাকার ৬০০ বছরের পুরোনো এ দিঘিকে বাঁচাতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে ‘খুলনা উন্নয়ন ফোরাম’ নামের একটি সংগঠন। খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে দিঘিটি ভরাটের পাঁয়তারা বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ। তিনি বলেন, খানজাহান আলী দিঘিটি ৬০০ বছরের বেশি পুরোনো। বর্তমানে এর আয়তন ২ একর ২০ শতক। একটি কুচক্রী মহল দিঘিটির একাংশ ভরাট করে বিক্রির পাঁয়তারা করছে। কিন্তু কীভাবে, কার নির্দেশে তারা এ কাজ করছে, এলাকাবাসী তার কিছুই জানে না। তিনি আরও বলেন, গত বছর দিঘিটি ভরাটের উদ্যোগ নিলে বিষয়টি বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টিতে আনা হয়। তখন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জলাধারটি ভরাট না করতে নোটিশ পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে দিঘিটি ভরাট বন্ধ হয়। কিন্তু এবার মহলটি দিঘির স্থানে মাটি ভরাট করে প্লট আকারে বিক্রির পাঁয়তারা করছে। দিঘিটি বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসন তৎপর না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।
এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, ‘দিঘিটি সম্পর্কে আমি তেমন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে যেটুকু জানা গেছে, তাতে মনে হয়েছে তা অর্পিত সম্পত্তি নয়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খানজাহান আলী দিঘির চারপাশের অনেকটা ইতিমধ্যে মাটি ফেলে ভরাট করে বসতি গড়ে তোলা হয়েছে। কেউ কেউ নতুন করে ঘর তৈরি করছে, অন্যরা অনেক আগেই ঘর তৈরি করে বসতি গেড়েছেন। আশপাশে ভরাটের ওপর কয়েকটি দোকানও তৈরি করা হয়েছে। ভৈরব নদ থেকে একটি লোহার পাইপ দিঘির দিকে আনা হচ্ছে। পাইপটির শেষ প্রান্ত এখনো দিঘি থেকে প্রায় ২০০ মিটার দূরে রয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দিঘিটি ভরাট করতেই ওই পাইপ নিয়ে আসা হচ্ছে। দিঘিটির মালিকানা দাবি করছেন শেখ মারুফুল হক, আবদুর রহমানসহ এলাকার কয়েকজন। এর মধ্যে আবদুর রহমান ও আমিনুল ইসলাম দিঘিটি ইজারা নিয়ে মাছ চাষ করেন।
মুঠোফোনে কথা হয় আবদুর রহমানের সঙ্গে। তিনি দাবি করেন, ১৯২২ সালের দলিল অনুযায়ী দিঘিটির মালিকানা তাঁর দাদা মনিরুদ্দীন কাজীসহ আরও কয়েকজনের নামে রয়েছে। পরবর্তী সময়ে তাঁদের ওয়ারিশেরা দিঘির মালিক হয়েছেন। এখন অনেকেই দিঘির চারপাশে মাটি ভরাট করে ঘর তুলেছেন। আর মালিকদের কয়েকজনের কাছ থেকে দিঘির একটি অংশ কিনে নিয়েছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। তিনিই দিঘিটি ভরাটের উদ্যোগ নিয়েছেন।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. হাবিবুল হক খান বলেন, পুরোনো দিঘিটি ভরাট করতে দেওয়া হবে না। গত বছর অধিদপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।