৬০০ শিশুর পড়াশোনার কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে কবুলিবাড়ি ও বাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন আতঙ্কে তিন দিন ধরে কবুলিবাড়ি বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ রয়েছে। দুই বিদ্যালয়ের চারটি ভবন নিলামে বিক্রির জন্য গতকাল বৃহস্পতিবার দরপত্র ডাকা হয়েছে। এ অবস্থায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় দুটির সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণে পিংনা ইউনিয়নের কবুলিবাড়ি ও বাশুরিয়া বিদ্যালয় দুটি যমুনা নদীর পূর্ব তীরের ভাঙনকবলিত অংশ থেকে মাত্র ২০ হাত দূরে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে—এমন আশঙ্কায় শঙ্কিত দুটি বিদ্যালয়েরই শিক্ষার্থী ও শিক্ষকেরা। কবুলিবাড়ি বিদ্যালয়টিতে ভাঙন আতঙ্কে তিন দিন ধরে পাঠদানই বন্ধ রয়েছে। এদিকে যেকোনো সময় ভাঙনের শিকার হতে পারে বলে দুটি বিদ্যালয়ের তিনটি পাকা ও একটি সেমি পাকা ভবন নিলামে বিক্রির জন্য দরপত্র ডাকা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় গতকাল এ দরপত্র আহ্বান করে।
কবুলিবাড়ি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর তুষার মিয়া, চতুর্থ শ্রেণীর ফরহাদ হোসেন ও পঞ্চম শ্রেণীর সায়মা খাতুন জানায়, নদী এত কাছে চলে এসেছে যে তাদের ভয় হয়। তিন দিন ধরে স্যাররা ক্লাস নেন না। তাই তারাও আর বিদ্যালয়ে যায় না।
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানও স্বীকার করেন, কখন ভবন ভেঙে নদীতে চলে যায়, এ আতঙ্কে ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীরাও আসে না। তিন দিন ধরে এখানে পাঠদান বন্ধ রয়েছে।
বাশুরিয়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর জাহিদ হাসান বলে, ‘নদীতে তলায় যাওয়ার ভয়ে শুনছি আমাগো স্কুলের বিল্ডিং বিক্রি কইরা দেওয়া হইব। তাইলে তো আমাগো আর পড়ার জায়গা থাকব না। তার পরে কী হইব, কই পড়ালেখা করুম বুজতাছি না। এর লাইগা এখন ক্লাস করতেও ভাল্লাগে না।’
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা জাহান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবন দুটি নিলামে বিক্রি হয়ে গেলে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যাবে। শিগগিরই অন্য কোনো ব্যবস্থা করা না হলে দুটি বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চয়তার মুখে পড়বে।
ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জানান, যমুনার ভাঙনে ইউনিয়নটা ক্রমেই ছোট হয়ে আসছে। বাঁধে কাজ চলছে। কিন্তু লাভ হচ্ছে না। যেকোনো সময় ওই বিদ্যালয়ের ভবনগুলোও নদীগর্ভে চলে যেতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম জানান, যমুনার ভাঙনের হুমকির মুখে থাকায় বিদ্যালয় দুটির চারটি ভবন নিলামে বিক্রির দরপত্র ডাকা হয়েছে। তবে এখনো বিদ্যালয় দুটির পরবর্তী পাঠদান চালানো নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঊর্ধ্বতন মহলকে পরিস্থিতি জানানো হবে।