৬১ কেজি সোনা ও ৫ বস্তা মুদ্রা উদ্ধার মামলায় মোহাম্মদ আলীর জামিন
রাজধানীর পল্টনের একটি ফ্ল্যাট থেকে ৬১ কেজি সোনা ও পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন এস কে মোহাম্মদ আলী। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর করা জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে মোহাম্মদ আলীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।
পরে মোশাররফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।
শুল্ক গোয়েন্দারা ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরানা পল্টনে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে। যার মূল্যমান ৮ কোটি ৫৬ লাখ টাকা। সেখান থেকে ৬১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৫২৮টি সোনার বারও উদ্ধার করা হয়। ডিবি পুলিশের সহযোগিতায় এ অভিযানে গ্রেপ্তার হন মোহাম্মদ আলী (৬৫)। ওই ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিনও সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। আরেক আসামি মজিবুর রহমান এখনো কারাগারে।