ইসলামী ঐক্যজোট দাবি করেছে, তাদের কাছে ৬১ জন নয়, আরও অসংখ্য নিহত ব্যক্তির নাম-ঠিকানা আছে। কিন্তু তাঁদের নাম-পরিচয় প্রকাশ করে ‘শহীদদের’ পরিবারকে হয়রানি করার সুযোগ সরকারকে দেওয়া হবে না।
ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবি করা হয়। এতে বলা হয়, অধিকার ৬১ জন শহীদ হেফাজত কর্মীর একটি প্রাথমিক ও অসম্পূর্ণ তালিকার কথা প্রকাশ করেছে। অধিকারের এমন রিপোর্টে সরকারের ঘুম হারাম হয়ে যায়। বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, ‘আমাদের কাছে যেসব নিহতের তালিকা আছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলে শর্ত সাপেক্ষে তা দিতে আমরা রাজি।’ বিবৃতি দেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, মহাসচিব ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব তৈয়্যব হোসাইন, এহতেশাম সারওয়ার, ফজলুর রহমান, আবদুল করিম, আহলুল্লাহ ওয়াছেল, আবুল কাশেম ও আলতাফ হোসাইন। বিজ্ঞপ্তি।