সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও বিক্রি করার দায়ে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ৬১ জনকে জেল ও জরিমানা করেছে প্রশাসন। একই অভিযোগে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ ইলিশ ধরার সরঞ্জাম ও জেলেনৌকা জব্দ করা হয়েছে।
ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ১২ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আগামী ২ নভেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত নির্বাহী হাকিম ও মৎস্য বিভাগ ২২টি অভিযান ও ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি মামলায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। এ ছাড়া ১৯০ কেজি ইলিশ, ৫৮৭ লাখ মিটার জাল ও পাঁচটি নৌকা জব্দ করা হয়েছে।
পটুয়াখালী ও বাউফল: জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার আট উপজেলার নদ-নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার ৩০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে। এ সময় একটি ট্রলার, একটি নৌকা ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। অভিযানে ১২টি মামলা দায়ের করে সাতজন জেলেকে এক বছর করে কারাদণ্ড ও আটজনকে জরিমানা করে ২৩ হাজার টাকা আদায় করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
পাথরঘাটা (বরগুনা): চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত বলেশ্বর নদ থেকে চারটি নৌকাসহ ১২ জন জেলেকে আটক করা হয়। এ সময় নৌকা থেকে ৫০ কেজি ইলিশ মাছ, ৫০ হাজার ২০০ মিটার জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার হাসানুর রহমান বলেন, বিষখালী নদীতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত দুটি ট্রলারসহ ২০ জন জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে ৩ লাখ মিটার ইলিশ শিকারের জাল জব্দ করা হয়।
আটক জেলেদের মধ্যে ৩১ জনকে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। শিশু হওয়ায় একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গোপালগঞ্জ: টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল্লাহ বলেন, গতকাল পাটগাতী বাজারে ইলিশ মাছ বিক্রি করছিলেন এক মাছ ব্যবসায়ী। নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ৩০ কেজি ইলিশ মাছ জব্দ ও বিনষ্ট করেন। পরে মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী হাকিম মাজহারুল ইসলাম বলেন, গোপালগঞ্জ শহরের বটতলা বাজারে এক ব্যক্তি গতকাল ইলিশ বিক্রি করছিলেন। খবর পেয়ে ২৮ কেজি ৭০০ গ্রাম ওজনের ৪১টি ইলিশ মাছ জব্দ ও বিনষ্ট করা হয়। ওই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিরোজপুর: নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, জেলেরা সুগন্ধা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৩ হাজার কারেন্ট জাল ও এক কেজি ইলিশ জব্দ করা হয়।
রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মুক্তা রানী সরকার বলেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিষখালী নদীতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যান।