৬১ বছর পর ছাত্রত্ব ফিরে পেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিম উদ্দিন আহমেদ
আজিম উদ্দিন আহমেদ

আজিম উদ্দিন আহমেদ নিজের কবিতায় পাকিস্তান সরকারকে ব্যঙ্গ করেছিলেন। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় জনমত গড়ে তুলতে তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। তবে শাস্তি হিসেবে ১৯৫৩ সালের নভেম্বরে তাঁর পড়াশোনার ওপর নেমে আসে তৎকালীন সরকারের আজীবন নিষেধাজ্ঞা। তখন তিনি নেত্রকোনার আঞ্জুমান আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
তারপর পেরিয়ে গেছে ৬১ বছর। আজিম উদ্দিন আহমেদের বয়স এখন ৮০ বছর। নেত্রকোনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী ২০১৪ উদ্যাপন অনুষ্ঠানে গতকাল শুক্রবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল সরকার। জেলা সদরের মুক্তারপাড়ায় আয়োজিত ওই অনুষ্ঠানে তাঁর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। তিনি প্রথম আলোকে গতকাল রাতে বলেন, আজিম উদ্দিন আহমেদের ছাত্রত্ব কেড়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে সম্প্রতি জেলা প্রশাসন তাঁর প্রতি সম্মান দেখিয়ে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে নিজের অনুভূতি জানাতে গিয়ে আজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমার ছাত্রত্বের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেকেই চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়নি। উল্টো আমার নামে হুলিয়া জারি করে। তবু মাথা নত করিনি। আজ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, সে জন্য আমি গর্বিত।’
আজিম উদ্দিন আহমেদের বাড়ি পূর্বধলা উপজেলার ঝারিয়া নাটোরকোনা গ্রামে। তিনি বলেন, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও কাজ করেছেন।
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মুস্তাফিজুর রহমান জানান, ‘আজিম উদ্দিন আহমেদ ছাত্রত্বের সম্মান ফিরে পাওয়ায় আমরাও গর্বিত। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’