৬১ বছর পর শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৬১ বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। ওই ইউনিয়নের দেউলী উচ্চবিদ্যালয়ের মাঠে এটির কাজ চলছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনিয়নের বাসিন্দারা এখানে শ্রদ্ধা নিবেদন করবে।খোঁজ নিয়ে জানা গেছে, দেউলী ইউনিয়নের পাঁচটি মাধ্যমিক, ১১টি সরকারি, নয়টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলোরও কোনোটিতেই শহীদ মিনার নেই। এ কারণে ওই ইউনিয়নের মানুষ প্রতিবছর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত কাঠের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করত।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছর এলাকাবাসীর পক্ষ থেকে দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তাঁতন চাকী এলাকায় শহীদ মিনার নির্মাণের জন্য বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেনের কাছে সহায়তা চান। মকবুল হোসেন এ ব্যাপারে তাঁকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি গত বছরের ১৬ জুলাই দেউলী উচ্চবিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ কাজে আওয়ামী লীগ নেতা আকরাম হোসেনসহ অনেকে সহায়তা করেন।দেউলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার জানান, দেউলী ইউনিয়নে কোনো শহীদ মিনার ছিল না। মহান একুশে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারত না। এবার তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে। আওয়ামী লীগ নেতা তাঁতন চাকী জানান, যে কাজটি আরও আগে করার প্রয়োজন ছিল, তা দেরিতে হলেও বাস্তবায়িত হচ্ছে। বর্তমান প্রজন্ম উৎসাহ-উদ্দীপনা নিয়ে এখন জাতীয় দিবসগুলো পালন করবে, এটাই এলাকাবাসীর বড় তৃপ্তি।