৬১ বছরে পা দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরব আর ঐতিহ্যের ৬০ বছর পূর্ণ করে আজ ৬ জুলাই ৬১ বছরে পা দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের এই দিনে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় উত্তরাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। একই বছরের ৬ জুলাই ইৎরাত হোসেন জুবেরীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সময় পদ্মাপাড়ের বড় কুঠি ও রাজশাহী কলেজের বিভিন্ন ভবনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৬১ সালে বড় কুঠি থেকে নয়নাভিরাম মতিহারের এই সবুজ চত্বরে আসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। রাজশাহী শহর থেকে সাত কিলোমিটার দূরে পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত এই ক্যাম্পাসটি ৩০৩ দশমিক ৮০ হেক্টর জমিতে স্থাপিত।গৌরবের ছয় দশক পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করছে নানা কর্মসূচি। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন অবমুক্তকরণ করা হবে। সকাল সোয়া ১০টায় ৬০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন। সকাল সাড়ে ১০টায় সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ।