৬১ বিদেশি বন্ধুকে সম্মাননা আজ
মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন ৬১ বিদেশি বন্ধুকে আজ শনিবার সম্মাননা দেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল শুক্রবার তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ তুলে দেবেন। সম্মাননা জানানোর প্রক্রিয়া শেষ করার সময়সূচি নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছর আরও একবার এবং আগামী বছর কয়েক দফায় এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যত দ্রুত সম্ভব, শেষ করার চেষ্টা করব। তবে এ মুহূর্তে বলতে পারছি না কবে নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে।’এবারকার সংবর্ধনায় যে ৬১ জনকে সম্মাননা দেওয়া হবে, তাঁদের মধ্যে দুজনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং দুটি সংগঠন ও ৫৭ জন ব্যক্তিকে দেওয়া হবে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। সম্মাননার তালিকায় থাকা লোকজনের মধ্যে ৪৯ জন ভারতের, একজন নেপালের, একজন ভিয়েতনামের, তিনজন যুক্তরাজ্যের, দুজন যুক্তরাষ্ট্রের, দুজন সুইডেনের, একজন ইতালির ও একজন অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছেন। বিদেশি বন্ধুদের সম্মাননা জানাতে প্রায় ৬০০ জনের প্রাথমিক একটি তালিকা তৈরি করা হয়। এরপর ৫০০ জনের নাম চূড়ান্ত করে সম্মাননা জানানোর প্রক্রিয়া শুরু হয়।বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্বে গত বছরের জুলাইতে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা সম্মাননা’ দেওয়া হয়। ইন্দিরার পক্ষে তাঁর পুত্রবধূ ও ভারতের ক্ষমতাসীন জোটের সভানেত্রী সোনিয়া গান্ধী ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৮৩ জন বিদেশিকে গত মার্চে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।