৬১ লাখ টাকা পুঁজি হারান লিয়াকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ করেও লোকসানের হাত থেকে বাঁচতে পারলেন না লিয়াকত। বাজারের অব্যাহত দরপতনে নিজের ৭৮ লাখ টাকার পুঁজির মধ্যে প্রায় ৬১ লাখ টাকা খুইয়েছেন তিনি।জানা যায়, লিয়াকত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড (বিও কোড-৫৩১) ও জয়তুন সিকিউরিটিজ (বিও কোড-২০৩) নামের দুটি ব্রোকারেজ হাউসের পৃথক দুটি বিও হিসাবের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতেন।জানা যায়, এআইবিএলে তিনি ঋণ নিয়ে এবং জয়তুন সিকিউরিটিজে নিজের টাকায় ব্যবসা করতেন। এর মধ্যে এআইবিএল বিও হিসাবে ২০১১ সালের ২৪ জুলাই এবং জয়তুন সিকিউরিটিজের ২৫ সেপ্টেম্বর সর্বশেষ লেনদেন করা হয়।নাম প্রকাশ না করার শর্তে এআইবিএল লিমিটেডের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, গত বছরের ২৪ জুলাই সর্বশেষ লিয়াকতের বিও হিসাবে শেয়ার লেনদেন করা হয়। তাতে তাঁর নিজের মূলধনের পরিমাণ ছিল ২৭ লাখ টাকা। এর বিপরীতে ২৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়। সব মিলিয়ে ২৪ জুলাই তারিখে লিয়াকতের বিও হিসাবে থাকা শেয়ারের বাজারমূল্য ছিল ৫৬ লাখ টাকারও বেশি। গতকাল দিন শেষে ওই শেয়ারের বাজারমূল্য কমে দাঁড়িয়েছে ২৮ লাখ টাকায়।এই হিসাবে লিয়াকতের বিনিয়োগ করা ২৭ লাখ টাকার পুরোটাই চলে গেছে। উল্টো গতকাল দিন শেষে ঋণের সুদ ও অন্যান্য মাশুল বাবদ লিয়াকতের কাছে এআইবিএলের পাওনা দাঁড়ায় এক লাখ ৮৩ হাজার টাকা। তাঁর হিসাবের সব শেয়ারই সংরক্ষিত রয়েছে বলে এআইবিএলের ওই কর্মকর্তা জানান।এআইবিএল সূত্র আরও জানায়, লিয়াকতের বিও হিসাবে লোকসানের বড় অংশই যুক্ত হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ব্যাপক দরপতনে। লিয়াকতের বিও হিসাবে ২০২ টাকায় কেনা বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম গতকাল দিন শেষে ছিল ৮১ টাকা ৪০ পয়সা।অন্যদিকে জয়তুন সিকিউরিটিজের বিও হিসাবের মাধ্যমে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে ৫১ লাখ টাকা বিনিয়োগ করেন। এই অর্থের পুরোটাই ছিল তাঁর নিজের। গত রোববারের দরপতনের পর ওই বিও হিসাবে থাকা শেয়ারের বাজারমূল্য কমে দাঁড়ায় ১৭ লাখ ৩০ হাজার টাকায়। সেই হিসাবে তাঁর লোকসানের পরিমাণ ৩৩ লাখ ৭০ হাজার টাকা।কাজী লিয়াকত আলী গতকাল সোমবার নিজের বাসায় আত্মহত্যা করেন। লিয়াকতের মৃত্যুর খবরে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা একই সঙ্গে শোকার্ত ও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কালো ব্যাজ পরে শোক প্রকাশ করেন। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা গোপীবাগে লিয়াকতের ভাড়া বাসায়ও যান। মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগরে লিয়াকতের গ্রামের বাড়ি।