নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্কুলছাত্রী ও তার বাবার ওপর হামলার প্রতিবাদে ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
এদিকে ওই হামলার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি শাহাদত হোসেন গতকাল জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে।
বিদ্যালয়, এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার পরীক্ষা দিতে গেলে শাহাদত হোসেন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে তারা ছাত্রীটির ওপর হামলা চালিয়ে মারধর করে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাকে রক্ষা করে। খবর পেয়ে ছাত্রীর বাবা বিদ্যালয়ের পথে রওনা হলে বখাটেরা রাস্তায় তাঁর ওপরও হামলা চালায়। তাঁকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে উপজেলার সব উচ্চবিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে একযোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। কর্মসূচি থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পূর্বধলা থানা-পুলিশ সূত্র জানায়, ওই ঘটনায় ছাত্রীর বাবা বুধবার রাতে শাহাদত হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বলেন, আসামি শাহাদত হোসেন গতকাল দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।