৬১ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ৬১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) জওয়ানরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির জওয়ানরা পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে পলিথিন মোড়ানো একটি প্যাকেট থেকে ৬১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন।
জানতে চাইলে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে তথ্য ছিল, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী হয়ে টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় টহল জোরদার করা হলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য এক কোটি ৮৩ লাখ টাকা। গত ২৭ এপ্রিল ভোরে বিজিবি-র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন জাকু ও ফরিদুল আলম নিহত হওয়ার পর আবারও ইয়াবার একটি বড় চালান আটক করা হলো।