৬১টি তোরণ বর্ণিল সাজে জয়পুরহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার জয়পুরহাট সফরে আসছেন। তাঁর আগমন উপলক্ষে জেলা শহর বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শহরে ৬১টি তোরণ নির্মাণ, শহরের প্রধান সড়কের দুই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিসংবলিত বড় বড় ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে।জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেলা ১১টায় হেলিকপ্টারযোগে জয়পুরহাটে পৌঁছাবেন। প্রথমে তিনি জয়পুরহাটের খঞ্জনপুর এলাকায় মাইনিং, মিনারেলোজি অ্যান্ড মেটালোজি কার্যালয় উদ্বোধন করবেন। এরপর তিনি যুব প্রশিক্ষণকেন্দ্র, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। বেলা তিনটায় সার্কিট হাউস ময়দানের জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী জানান, জয়পুরহাটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জয়পুরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ করে মেডিকেল কলেজ স্থাপন, স্টেডিয়াম, জেলার বিভিন্ন উপজেলায় ২০০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, সরকারি উদ্যোগে জয়পুরহাটে একটি আলু রাখার বড় মাপের হিমাগার নির্মাণ, পাঁচবিবিতে ট্রমা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যার সংখ্যা বাড়ানোসহ ২৫ দফা দাবি তুলে ধরা হবে। মহাজোট সরকারের ক্ষমতা গ্রহণের পর জয়পুরহাটে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর।